নিজস্ব প্রতিবেদক
অপসংস্কৃতির প্রভাবে দেশে ‘মব সন্ত্রাস’ প্রচলিত হয়েছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেন, নিজস্ব সংস্কৃতির চর্চা কমে যাওয়ায় সমাজে অপসংস্কৃতি ও অস্বাস্থ্যকর সাংস্কৃতিক প্রভাব বিস্তার করেছে।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যায় জাতীয় জাদুঘরে ‘দেশীয় সাংস্কৃতিক সংসদ’ আয়োজিত কাওয়ালি সন্ধ্যায় তিনি এসব কথা বলেন।
জামায়াত আমির বলেন, প্রত্যেক জাতিরই নিজস্ব সংস্কৃতি রয়েছে। কিন্তু বাংলাদেশ নিজস্ব সংস্কৃতির চর্চায় পিছিয়ে পড়েছে। এর সুযোগে অস্বাস্থ্যকর সংস্কৃতি সমাজে প্রবেশ করেছে। সুস্থ সংস্কৃতির যথাযথ বিকাশ ঘটাতে পারলে একটি জাতির জন্য সুস্থ সাংস্কৃতিক পরিমণ্ডল তৈরি হয়। আর সংস্কৃতি হচ্ছে জ্ঞান ও মূল্যবোধের সমন্বয়।
এর আগে রাজধানীর রমনায় ইসলামী ছাত্রশিবির আয়োজিত সীরাত পাঠ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি বলেন, জাতি বর্তমানে নৈতিক চরিত্রের পুঁজি নিয়ে গভীর সংকটে রয়েছে। এ সংকট থেকে উত্তরণে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জীবনাদর্শ অনুসরণ করতে হবে।