Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

ভগ্নস্তূপের ওপর দাঁড়িয়ে দেশ গড়ছে সরকার: রুহুল কবির রিজভী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : সোমবার, ১৭ আগস্ট,২০২৬, ০৪:২৮ পিএম
ভগ্নস্তূপের ওপর দাঁড়িয়ে দেশ গড়ছে সরকার: রুহুল কবির রিজভী

গুম-খুন, অরাজকতা ও মেগা দুর্নীতির ‘ভগ্নস্তূপের’ ওপর দাঁড়িয়ে বাংলাদেশ পুনর্গঠনের কাজ করছে বিএনপি নেতৃত্বাধীন সরকার—এমন মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য রুহুল কবির রিজভী আহমেদ।

সোমবার (১৭ আগস্ট) দুপুরে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বর্তমান সরকারের দায়িত্ব গ্রহণের ১৮০ দিন পূর্তি উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

রিজভী বলেন, “একটি ভগ্নস্তূপের উপর দাঁড়িয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃত্বাধীন সরকার বা তার জোটের সরকার প্রতিষ্ঠিত হয়ে দেশ গড়ার কাজ করছে।”

বিগত সরকারের রেখে যাওয়া পরিস্থিতির চিত্র তুলে ধরে তিনি বলেন, সেই সরকারের ‘লিগ্যাসি’ রাতারাতি পুনর্গঠন করা সম্ভব নয়। বাংলাদেশ ব্যাংকের ৮৫০ কোটি টাকা উধাও হয়ে ফিলিপাইনের ক্যাসিনোতে চলে যাওয়ার প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, একের পর এক ব্যাংক লোপাট হয়েছে। মেগা প্রকল্পের নামে হয়েছে মেগা লুটপাট ও মেগা দুর্নীতি।

রিজভী বলেন, “আমরা রূপকথার যেসব গল্প শুনেছি, বিগত আমলে সেগুলোই ছিল অত্যন্ত বাস্তব ও সত্য।”

তিনি আরও বলেন, চারদিকে অরাজকতা ও নৈরাজ্যের এক ধূসর পরিবেশ বিরাজ করছিল। কে কখন গুম হয়ে যাবেন বা অদৃশ্য হয়ে যাবেন, তার কোনো নিশ্চয়তা ছিল না। রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বিচারবহির্ভূত হত্যাকাণ্ডও চলতে থাকে বলে অভিযোগ করেন তিনি।

রিজভীর ভাষ্য, সরকারের সঙ্গে ভিন্নমত পোষণ করলেই খাল, নদী কিংবা পুকুরের ধারে লাশ পড়ে থাকার ঘটনা ঘটত। এমনকি একজন সাবেক সংসদ সদস্যকে নৌকার মধ্যে পিটিয়ে হত্যা করা হয়েছিল বলেও তিনি উল্লেখ করেন।

তিনি বলেন, “এই নৈরাজ্যের ঘন অন্ধকারের মধ্যে ব্যাপক আন্দোলনের মধ্য দিয়ে আমরা ৫ আগস্টের পরিবর্তন পেয়েছি।”

বর্তমান সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের প্রসঙ্গ তুলে ধরে বিএনপির এই নেতা বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসে সরকার রাষ্ট্র পরিচালনা করছে। নির্বাচনের আগে তারেক রহমান যেসব প্রতিশ্রুতি দিয়েছিলেন, ক্ষমতা গ্রহণের দ্বিতীয় দিন থেকেই তিনি সেগুলো বাস্তবায়নে কাজ শুরু করেছেন।

রিজভী বলেন, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, খাল খনন ও বৃক্ষরোপণসহ বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজ অব্যাহত রয়েছে। দুর্যোগ এবং আন্তর্জাতিক নানা ঘটনাপ্রবাহ উন্নয়নের গতিতে কিছুটা বাধা সৃষ্টি করলেও সরকার তা মোকাবিলা করে জনগণের স্বস্তি ও কল্যাণে কাজ করে যাচ্ছে।

তিনি বলেন, সামাজিক সুরক্ষা, অবকাঠামো উন্নয়ন, কৃষি, শিক্ষা ও স্বাস্থ্যসহ প্রতিটি খাতেই সরকারের পক্ষ থেকে নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের চেষ্টা চলছে।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)