নিজস্ব প্রতিবেদক
দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের যেকোনো দূতাবাস বা মিশনে গেলেও গ্রেপ্তার হবেন বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।সরকারি আদেশ দেখুন
মঙ্গলবার (২৪ নভেম্বর) সাইবার সুরক্ষা আইন নিয়ে কূটনীতিকদের ব্রিফিং শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘আসুক না! দেশে এলে তাকে গ্রেপ্তার করা হবে, জেলে পাঠানো হবে। ব্যস। তিনি বাংলাদেশের যেখানেই যাবেন, মিশনে গেলেও সেখানেই তাকে গ্রেপ্তার করা হবে।’
শামা ওবায়েদ বলেন, কেউ মানবতাবিরোধী অপরাধ করলে তার পাসপোর্ট বাতিল হয় এবং নতুন করে পাসপোর্ট দেওয়া হয় না। বর্তমান সংবিধানেই এ বিধান রয়েছে।
তিনি আরও বলেন, ‘শেখ হাসিনা দণ্ডপ্রাপ্ত আসামি। অন্য আসামিদের ক্ষেত্রে যে বিধান রয়েছে, তাঁর ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য হবে। তাই এ আলোচনা করে সবাই সময় নষ্ট করছেন।’
এদিকে, ব্রিফিংয়ে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান জানান, সাইবার সুরক্ষা আইন নিয়ে সব অংশীজনের সঙ্গে আলোচনা করে তাঁদের আপত্তিগুলো খতিয়ে দেখা হবে।
তিনি বলেন, ‘সাইবার আইনের সবকিছুই স্পষ্ট করার চেষ্টা করেছি। কোনো অস্পষ্ট বা দ্ব্যর্থক পরিভাষা থাকবে না।’