নিজস্ব প্রতিবেদক
প্রধানমন্ত্রী তারেক রহমান।
ছবি:
শিক্ষার মান উন্নয়ন ও আধুনিক শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে এ বছর জাতীয় বাজেটে দেশের ইতিহাসে সর্বোচ্চ বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী পাঁচ বছরে পর্যায়ক্রমে শিক্ষাখাতে বরাদ্দ আরও বাড়ানোর পরিকল্পনার কথাও জানান তিনি।
সোমবার (৫ অক্টোবর) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, এমন একটি শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা হচ্ছে, যেখানে কোনো শিশু শিক্ষা থেকে বঞ্চিত হবে না। এ বছরই শিক্ষার্থীদের নতুন সিলেবাসের পাঠ্যবই দেওয়ার কথাও জানান তিনি।
তিনি বলেন, বর্তমান সময়ে কারিগরি ও ব্যবহারিক জ্ঞানের গুরুত্ব অনেক বেশি। তাই শিক্ষাদানের পদ্ধতিতেও পরিবর্তন আনা প্রয়োজন। প্রযুক্তিকে শিক্ষকের বিকল্প হিসেবে নয়, বরং শিক্ষকের সহায়ক হিসেবে ব্যবহার করতে চায় সরকার। এ লক্ষ্যে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে মাল্টিমিডিয়া ক্লাসরুম বাড়ানোর পাশাপাশি ফ্রি ওয়াইফাই সুবিধা সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে।
তারেক রহমান বলেন, নতুন সিলেবাস অনুযায়ী শিক্ষার্থীরা পাঠ্যবই পাবে। তারা যেন বই থেকে মুখ ফিরিয়ে না নেয়, সে জন্য আনন্দময় ও শিক্ষার্থীবান্ধব শেখার পরিবেশ তৈরি করা প্রয়োজন।
সময়ের চাহিদা অনুযায়ী শিক্ষক তৈরিতে টিচার্স ট্রেনিং কলেজগুলো আধুনিকায়নের ওপরও গুরুত্ব দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, শিক্ষকতা কোনোভাবেই উপায় না পেয়ে বেছে নেওয়া বিকল্প পেশা হতে পারে না। মেধাবীরা যাতে শিক্ষকতাকে তাদের পছন্দের প্রথম সারির পেশা হিসেবে বেছে নেন, সে অনুযায়ী শিক্ষক নিয়োগ ও আর্থিক নিরাপত্তা নিশ্চিত করা হবে।