নিজস্ব প্রতিবেদক
মুক্তিযোদ্ধাদের মরদেহ দাফন, সৎকার ও পরিবহনের তাৎক্ষণিক ব্যয় মেটাতে চলতি ২০২৬-২৭ অর্থবছরের বাজেট থেকে ৯ কোটি ৪৯ লাখ ৯৪ হাজার ৪০০ টাকা বরাদ্দ দিয়েছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়।
গত ২৯ সেপ্টেম্বর মন্ত্রণালয়ের বাজেট অধিশাখা থেকে জারি করা এক আদেশে এ বরাদ্দের তথ্য জানানো হয়। বরাদ্দের অর্থ দেশের বিভিন্ন জেলার জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) অনুকূলে ছাড় করা হবে।
আদেশে বলা হয়েছে, ২০২৬-২৭ অর্থবছরের পরিচালন বাজেটের বিশেষ কার্যক্রমের আওতায় যুদ্ধাহত ও অন্যান্য মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা খাতের দাফন বাবদ অনুদানের জন্য বরাদ্দ করা ১৮ কোটি টাকা থেকে ৯ কোটি ৪৯ লাখ ৯৪ হাজার ৪০০ টাকা ব্যয় করা হবে।
সংশ্লিষ্ট জেলা ও উপজেলা প্রশাসন নিজ নিজ জেলা বা উপজেলা হিসাবরক্ষণ কার্যালয় থেকে বরাদ্দের অর্থ উত্তোলন করবে। এ জন্য নির্ধারিত সারণি অনুযায়ী সংশ্লিষ্ট হিসাবরক্ষণ কার্যালয়ে মোট বরাদ্দের অথোরিটি পাঠাতে চিফ অ্যাকাউন্টস অ্যান্ড ফিন্যান্স অফিসারকে অনুরোধ করা হয়েছে।
মন্ত্রণালয়ের আদেশে আরও বলা হয়েছে, ছাড় করা অর্থ চলতি অর্থবছরের বাজেটে নির্ধারিত দাফন বাবদ অনুদান খাতে সমন্বয় করতে হবে। জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তারা যথাযথ বিলের মাধ্যমে সংশ্লিষ্ট জেলা বা উপজেলা ট্রেজারি থেকে অর্থ তুলতে পারবেন।
বরাদ্দের অর্থ শুধু মুক্তিযোদ্ধাদের মরদেহ সৎকার, সমাহিত ও পরিবহনের কাজে ব্যবহার করা যাবে। অন্য কোনো কাজে এ অর্থ ব্যয় করা যাবে না। অর্থ ব্যয়ের ক্ষেত্রে সরকারি আর্থিক বিধি-বিধান ও নিয়মাচার যথাযথভাবে অনুসরণ করতে হবে। কোনো ধরনের অনিয়ম হলে সংশ্লিষ্ট বিতরণকারী কর্তৃপক্ষকে দায়ী থাকতে হবে।
আদেশে আরও বলা হয়েছে, ৩০ জুন ২০২৭-এর পর বরাদ্দের কোনো অর্থ অব্যয়িত থাকলে তা সরকারি কোষাগারের নির্ধারিত খাতে জমা দিয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়কে অবহিত করতে হবে।
এ বিষয়ে দেশের ৬৪ জেলার জেলা প্রশাসক ও সব উপজেলা নির্বাহী কর্মকর্তাকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে মন্ত্রণালয়। একই সঙ্গে আদেশটি মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশের জন্য সিস্টেম এনালিস্টকে অনুরোধ করা হয়েছে।
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব (বাজেট) ডা. মু. আসাদুজ্জামান স্বাক্ষরিত ওই আদেশ জারি করা হয়।