নিজস্ব প্রতিবেদক
ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন আগামী ২৭ আগস্ট শুরু হচ্ছে। ওই দিন বিকেল ৩টায় অধিবেশন আহ্বান করেছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ।
মঙ্গলবার (১১ আগস্ট) জাতীয় সংসদ সচিবালয়ের সচিব মো. গোলাম সরওয়ার ভূঁইয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশের সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ আগামী ২৭ আগস্ট, বৃহস্পতিবার বিকেল ৩টায় সংসদ কক্ষে ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন আহ্বান করেছেন।
সংসদ সচিবালয় সূত্র জানায়, সাধারণত বছরের এ সময়ে আহ্বান করা সংসদ অধিবেশন তুলনামূলকভাবে সংক্ষিপ্ত হয়ে থাকে। সাংবিধানিক বাধ্যবাধকতার কারণে মূলত এ সময় অধিবেশন আহ্বান করা হয়। এ ধরনের অধিবেশন সাধারণত এক সপ্তাহের মতো চলে।
তবে এবারের অধিবেশন কত দিন চলবে, তা অধিবেশন শুরুর আগে জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে চূড়ান্ত করা হবে বলে জানা গেছে।
সংসদ সচিবালয় সূত্র আরও জানিয়েছে, এবারের অধিবেশনে বেশ কয়েকটি বিল পাস হওয়ার কথা রয়েছে।
এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন গত ১৫ জুলাই শেষ হয়।