নিজস্ব প্রতিবেদক
কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন-উর-রশিদ।
ছবি:
দেশে বর্তমানে ২ লাখ ৮৮ হাজার হেক্টর জমিতে গম চাষ করা হচ্ছে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন-উর-রশিদ।
বৃহস্পতিবার (১৮ জুন) জাতীয় সংসদের অধিবেশনে সংসদ সদস্য সেলিনা সুলতানার এক প্রশ্নের লিখিত উত্তরে তিনি এ তথ্য জানান। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
কৃষিমন্ত্রী বলেন, গমের উৎপাদন বাড়াতে সরকার বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়ন করছে। এর মধ্যে প্রধান গম উৎপাদন এলাকায় নতুন ও উচ্চফলনশীল জাতের সম্প্রসারণ, ধানভিত্তিক ফসল ধারায় (ধান-গম-পাট ও ধান-গম-মুগ ডাল) গমকে অন্তর্ভুক্ত করা উল্লেখযোগ্য।
তিনি আরও বলেন, উত্তরাঞ্চলের হালকা বুনটের মাটির জন্য অধিক লাভজনক চার ফসলভিত্তিক ধারার—‘আগাম আলু-গম-ভুট্টা-আমন ধান’—চাষ জনপ্রিয় করতে উদ্যোগ নেওয়া হয়েছে।
মন্ত্রী জানান, দক্ষিণাঞ্চলের লবণাক্ততাপ্রবণ এলাকা, সিলেটের পতিত জমি, চরাঞ্চল, বরেন্দ্র অঞ্চল, পাহাড়ি সমতল এলাকা এবং তামাক চাষের জমিতে গমের আবাদ সম্প্রসারণে কাজ করছে সরকার। পাশাপাশি হেক্টরপ্রতি ৬ টন বা তার বেশি ফলন দিতে সক্ষম গমের নতুন জাত উদ্ভাবন ও সম্প্রসারণেও গুরুত্ব দেওয়া হচ্ছে।
তিনি বলেন, গমের আধুনিক উৎপাদন প্রযুক্তি, রোগবালাই ব্যবস্থাপনা, বীজ উৎপাদন ও সংরক্ষণ বিষয়ে কৃষকদের প্রশিক্ষণ বাড়ানো হচ্ছে। একই সঙ্গে গমের ন্যায্যমূল্য নির্ধারণ এবং সরকারি পর্যায়ে সরাসরি কৃষকদের কাছ থেকে গম কেনার উদ্যোগও নেওয়া হয়েছে।
কৃষিমন্ত্রী আরও জানান, গম চাষে উৎসাহ দিতে প্রতি বছর কৃষকদের প্রণোদনা দেওয়া হচ্ছে। ২০২৫-২৬ অর্থবছরে ১ লাখ ৭৯ হাজার ৩০০ জন কৃষককে এক বিঘা জমির জন্য ১০ কেজি গমের বীজ, ১০ কেজি ডিএপি সার এবং ১০ কেজি এমওপি সার বিনামূল্যে দেওয়া হয়েছে।