আমিরুল ইসলাম, শেরপুর
শেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষ ‘মহারশী’-তে সেপ্টেম্বর ২০২৬ মাসের জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৩ সেপ্টেম্বর) অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, এমপি। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ ফরিদা ইয়াসমিন।
সভায় শেরপুর-৩ আসনের সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল, শেরপুর-২ আসনের সংসদ সদস্য মো. ফাহিম চৌধুরী, সংরক্ষিত নারী আসন-৩১৫-এর সংসদ সদস্য মিজ সানসিলা জেবরিন, পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলাম, জেলা পরিষদের প্রশাসক এ বি এম মামুনুর রশিদ পলাশ, স্থানীয় সরকারের উপপরিচালক, সিভিল সার্জন, অতিরিক্ত জেলা প্রশাসক, এনএসআইয়ের উপপরিচালক, পাবলিক প্রসিকিউটর, উপজেলা নির্বাহী কর্মকর্তারা, বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান ও প্রতিনিধিরা, প্রেসক্লাবের সভাপতি, জেলা আইন-শৃঙ্খলা কমিটির সদস্য ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
সভায় জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করা হয়। জননিরাপত্তা নিশ্চিত করতে মাদক, চোরাচালান ও অন্যান্য অপরাধ প্রতিরোধে অভিযান জোরদার, ট্রাফিক ব্যবস্থাপনার উন্নয়ন, সামাজিক সম্প্রীতি বজায় রাখা এবং মোবাইল কোর্ট কার্যক্রম আরও জোরদারের বিষয়ে আলোচনা হয়।
এ ছাড়া জনগণের নিরাপত্তা নিশ্চিত ও সরকারি সেবার মানোন্নয়নে সংশ্লিষ্ট সব দপ্তরের মধ্যে সমন্বয় বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়।
এর আগে শেরপুরে পৌঁছালে জেলা প্রশাসক ফুল দিয়ে মন্ত্রীকে বরণ করে নেন। এ সময় পুলিশ সুপারসহ রাজনৈতিক নেতৃবৃন্দও তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
সভায় জেলার শান্তি, শৃঙ্খলা ও জননিরাপত্তা বজায় রাখাসহ বিভিন্ন বিষয়ে মন্ত্রী সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন। পরে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট সব দপ্তরকে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।