নিজস্ব প্রতিবেদক
জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে আগামী ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (১৩ সেপ্টেম্বর) এক ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
তিনি বলেন, সফরে প্রধানমন্ত্রী বিশ্বমঞ্চে বাংলাদেশের নতুন ভিশন ও অগ্রাধিকারগুলো তুলে ধরবেন।
নিউইয়র্ক সফরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হবে কি না—এমন প্রশ্নের জবাবে হুমায়ুন কবির বলেন, প্রধানমন্ত্রীর সফরের মূল উদ্দেশ্য জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেওয়া। অধিবেশনের ফাঁকে বিভিন্ন বৈঠক অনুষ্ঠিত হয়ে থাকে।
তিনি বলেন, প্রধানমন্ত্রী কবে যাবেন এবং কার কার সঙ্গে বৈঠক করবেন, তা যথাসময়ে জানানো হবে। কোনো কিছুই গোপন রাখা হবে না।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, দ্বিপক্ষীয়ভাবে ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গেও বৈঠকে আগ্রহ রয়েছে বাংলাদেশের। দিল্লির সঙ্গে ঢাকা একটি নতুন ও কার্যকর সম্পর্ক গড়ে তুলতে চায়।
বাংলাদেশ-ভারত সীমান্তে বেসামরিক মানুষ হত্যার বিষয়ে তিনি বলেন, সীমান্তে মানুষের নিরাপত্তা ও হত্যাকাণ্ড নিয়ে কূটনৈতিক চ্যানেলে আলোচনা চলছে।
এ ছাড়া পাচার হওয়া অর্থ ফেরাতে যুক্তরাজ্যসহ কয়েকটি দেশের সঙ্গে সরকার কাজ করছে বলেও জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী।