সজীব রাজভর, সিনিয়র রিপোর্টার
গাছ বাঁচাও, পরিবেশ বাঁচাও’ স্লোগানকে সামনে রেখে ময়মনসিংহের গৌরীপুরে দুই শতাধিক শিক্ষার্থীর মধ্যে নিমগাছের চারা বিতরণ করেছে সামাজিক সংগঠন ‘ভিনগোলার্ধ’।
রোববার (১৩ সেপ্টেম্বর) পৌর শহরের গৌরীপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে শিক্ষার্থীদের হাতে চারা তুলে দেন ‘বৃক্ষবন্ধু গ্রিনম্যান’ এনামুল হক। তিনি বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় নিমগাছের ভূমিকা গুরুত্বপূর্ণ। পরিবেশ ও প্রকৃতি সুরক্ষায় সবাইকে নিজ নিজ জায়গা থেকে দায়িত্বশীল হতে হবে। শিক্ষার্থীদের শুধু চারা রোপণ নয়, নিয়মিত পরিচর্যারও আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে বক্তারা নিমগাছের পরিবেশগত ও স্বাস্থ্যগত গুরুত্ব তুলে ধরেন। ভিনগোলার্ধের গৌরীপুর শাখার সমন্বয়ক মো. হারুন মিয়া বলেন, পরিবেশ সুরক্ষায় বেশি করে গাছ লাগাতে হবে। প্রত্যেকের অন্তত একটি করে নিমগাছ রোপণের প্রতি তিনি আহ্বান জানান।
গৌরীপুর শাখার সমন্বয়ক মো. হারুন মিয়ার সভাপতিত্বে এবং পরিবেশবিষয়ক সম্পাদক শংকর ঘোষ পিলুর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন গৌরীপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শফিকুল ইসলাম, সহকারী প্রধান শিক্ষক হাবিবুর রহমান, গৌরীপুর লেখক সংঘের সভাপতি ও শিক্ষক পলাশ মাজহার এবং বিজয় কম্পিউটারের স্বত্বাধিকারী তৌহিদুল আমিন তুহিন।
চারা পেয়ে শিক্ষার্থী হুমায়রা তাসনিম আসফি ভিনগোলার্ধের এ উদ্যোগকে স্বাগত জানায়। নিমগাছের বিভিন্ন উপকারিতা সম্পর্কে জানতে পেরে সে আনন্দ প্রকাশ করে।
অনুষ্ঠানে কবি ও লেখক নূর মোহাম্মদ শাফি, গৌরীপুর সরকারি কলেজের শিক্ষার্থী তানজিদ হাসান সৌরভ, শেখ মোহাম্মদ সৌরভ, আফ্রিদি হাসান নিরব, মো. সবুজ মিয়া ও মো. আরাফাত হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।