রবিউল ইসলাম হৃদয়, ময়মনসিংহ
ভালুকায় শ্রমিকদের নিরাপদ কর্মপরিবেশ ও শান্তিশৃঙ্খলা বজায় রাখার দাবিতে মিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুর ১২টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ১০ নং হবিরবাড়ী ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম খান বাসানের নেতৃত্বে মিছিলটি অনুষ্ঠিত হয়। এ সময় ১০ নং হবিরবাড়ী ইউনিয়ন মৎস্যজীবী দল ও কৃষক দলের নেতাকর্মীরাও মিছিলে অংশ নেন।
মিছিল চলাকালে সংক্ষিপ্ত বক্তব্যে আমিনুল ইসলাম খান বাসান বলেন, "১০ নম্বর হবিরবাড়িতে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হোক, আমরা তা চাই না। শ্রমিকরা যেন নিরাপদ ও নির্বিঘ্নে কর্মস্থলে ডিউটি করতে পারে, সেই নিরাপত্তা নিশ্চিত করতে হবে। অন্যান্য থানার চাইতে ভালুকা অনেক নিরাপদ।"
অন্যদিকে, ছোট কাসর চৌরাস্তা এলাকা থেকে মোঃ তাইজুদ্দিন, ১০ নং হবিরবাড়ী ইউনিয়ন মৎস্যজীবী দলের আহ্বায়ক সাইফুল ইসলাম এবং ১০ নং হবিরবাড়ী ইউনিয়ন কৃষক দলের আহ্বায়ক মনির উজ্জামান খানের নেতৃত্বে আরেকটি মিছিল বের হয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে (মেইন রোড) প্রবেশ করে। পরে মিছিলগুলো মহাসড়কের গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে।
এ সময় যুবদল, মৎস্যজীবী দল ও কৃষক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। শান্তিপূর্ণভাবে মিছিলের মাধ্যমে এলাকার আইনশৃঙ্খলা ও শ্রমিকদের নিরাপত্তা রক্ষায় নিজেদের দৃঢ় অবস্থান তুলে ধরেন নেতারা।