নিজস্ব প্রতিবেদক
পটুয়াখালীর নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে দায়ের করা একটি মামলাকে মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত দাবি করে তা প্রত্যাহারের দাবি জানিয়েছেন মামলার বিবাদীপক্ষ। একই সঙ্গে মামলার নিরপেক্ষ তদন্ত, সুষ্ঠু বিচার এবং অভিযোগ মিথ্যা প্রমাণিত হলে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন তাঁরা।
পটুয়াখালীর বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত ‘খ’-এ ফৌজদারি কার্যবিধির ১০৭/১১৪/১১৭(সি) ধারায় দায়ের করা এমপি মামলা নং ১৯৩/২৬-এর বাদী আবদুস সালাম সিকদার। মামলায় বিবাদী করা হয়েছে মো. ইব্রাহীম খলিলসহ অন্যদের।
বিবাদীপক্ষের দাবি, গত ২৪ জুলাই ২০২৬ তারিখে মামলায় উল্লেখ করা ঘটনার সময় তাঁরা ঢাকায় নিজ নিজ কর্মস্থল ও বাসায় অবস্থান করছিলেন। ঘটনাস্থলে তাঁদের কেউ উপস্থিত ছিলেন না। এমনকি অভিযোগে বর্ণিত ঘটনা সম্পর্কেও তাঁরা অবগত নন। তাঁদের অভিযোগ, পূর্বপরিকল্পিতভাবে মিথ্যা ও ভিত্তিহীন তথ্যের ভিত্তিতে মামলাটি দায়ের করা হয়েছে।
বিবাদীপক্ষ আরও দাবি করেন, পরিবারের সরকারি চাকরিজীবী সদস্যদের হয়রানি, সামাজিকভাবে হেয়প্রতিপন্ন এবং সম্মানহানি করার উদ্দেশ্যে এ মামলা করা হয়েছে। তাঁদের মধ্যে ১ ও ৩ নম্বর বিবাদী বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে এবং ২ নম্বর বিবাদী বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি), জিরানী, সাভারে কর্মরত রয়েছেন।
অন্য বিবাদীদের কেউ ক্ষুদ্র ব্যবসায়ী, কেউ জেলে, আবার কেউ হতদরিদ্র কৃষক। তাঁরা দিন এনে দিন খেয়ে জীবিকা নির্বাহ করেন বলে বিবাদীপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে।
বিবাদীদের অভিযোগ, বাদীপক্ষ এলাকায় প্রভাবশালী এবং অতীতেও বিভিন্ন মিথ্যা মামলা দিয়ে তাঁদের হয়রানি করেছে। এ ছাড়া কয়েকজন অসাধু মামলাবাজ ব্যক্তি বাদীপক্ষকে মামলা দায়েরের জন্য উৎসাহিত করেছেন বলেও দাবি তাঁদের।
এ ঘটনায় পরিবারের সদস্যদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে হয়রানি, সুনাম ক্ষুণ্ন ও মানহানির প্রচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিবাদীপক্ষ।
তাঁরা মামলাটির নিরপেক্ষ তদন্ত, সুষ্ঠু বিচার এবং অভিযোগ মিথ্যা প্রমাণিত হলে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের পাশাপাশি মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন।
বিবাদীপক্ষের প্রত্যাশা, প্রকৃত ঘটনা উদ্ঘাটনের মাধ্যমে নিরপরাধ ব্যক্তিরা হয়রানি থেকে মুক্তি পাবেন এবং আইনের শাসন প্রতিষ্ঠিত হবে।