স্পেশাল করেসপন্ডেন্ট
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থেকে প্রত্যর্পণের বিষয়টি সম্পূর্ণ একটি আইনি প্রক্রিয়া এবং আইন অনুসরণ করেই এটি যথাযথভাবে সম্পন্ন করা হবে বলে জানিয়েছে নয়াদিল্লি।
মঙ্গলবার (১০ নভেম্বর) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত মিডিয়া ব্রিফিংয়ে এবিষয়ে সাংবাদিকের একগুচ্ছ প্রশ্নের জবাবে মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল ভারতের এই আনুষ্ঠানিক অবস্থান পুনর্ব্যক্ত করেন।
তিনি বলেন, আমরা আগেও বলেছি যে (শেখ হাসিনার প্রত্যর্পণ) একটি আইনি বিষয়। আইন অনুযায়ী, বিষয়টি সামনে এগোবে এবং সেভাবেই এর নিষ্পত্তি করা হবে।
এসময় এক সাংবাদিক প্রশ্ন তোলেন—পাসপোর্ট ছাড়া কোনো ব্যক্তিকে প্রত্যর্পণ করা সম্ভব কি না, অথবা প্রত্যর্পণের ক্ষেত্রে পাসপোর্ট থাকা বাধ্যতামূলক কি না।
জবাবে ভারতের পররাষ্ট্র মুখপাত্র বলেন, আপনি একটি টেকনিক্যাল প্রশ্ন জিজ্ঞাসা করছেন। যেমনটি বলেছি, এটি একটি সম্পূর্ণ আইনি বিষয় এবং আইন মেনেই এর সুরাহা করা হবে।
জয়সওয়াল বলেন, এক স্থান থেকে অন্য স্থানে ভ্রমণের জন্য পাসপোর্ট বা ট্রাভেল ডকুমেন্টের প্রয়োজন হয়—এটাই আমার সাধারণ অনুধাবন। তবে এটি একটি টেকনিক্যাল প্রশ্ন।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরাতে তাঁর আইনজীবীরা পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ইস্যুর আবেদন জানিয়ে, বাংলাদেশের হাই কমিশনে চিঠি দেওয়ার বিষয়ে জানতে চাওয়া হলে ভারতের পররাষ্ট্র মুখপাত্র স্পষ্ট করেই বলেন, এটি মূলত এমন একটি প্রশ্ন যা আপনার বাংলাদেশ হাইকমিশনকে জিজ্ঞাসা করা উচিত। তারা এ বিষয়ে তাদের অবস্থান বা তথ্য আপনাকে জানাতে পারবে।
আজকের ব্রিফিংয়ে ভারতের একাধিক সাংবাদিক বাংলাদেশে গণঅভ্যুত্থানের পর শেখ হাসিনাকে ফেরত পাঠানোর জন্য বাংলাদেশ সরকারের কূটনৈতিক আবেদনের বিষয়টি নিয়ে বারবার প্রশ্ন তোলেন। প্রতিবারই একই মন্তব্য পুনর্ব্যক্ত করে জয়সওয়াল বলেন, এটি একটি আইনি প্রক্রিয়া এবং আইন অনুযায়ী তা মোকাবিলা করা হবে।
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভূতপূর্ব গণঅভ্যুত্থানের মুখে শেখ হাসিনা ঢাকা ত্যাগ করে ভারতে আশ্রয় নেওয়ার পর থেকে তিনি সেখানেই অবস্থান করছেন।
এদিকে, চলতি বছরের ১২ ডিসেম্বর বাংলাদেশ ও ভারতের মধ্যকার ঐতিহাসিক গঙ্গা পানি বণ্টন চুক্তির মেয়াদ শেষ হতে যাওয়ার প্রেক্ষাপটে, এই চুক্তির নবায়ন বা এর ভবিষ্যৎ সম্পর্কে জানতে চাইলে জয়সওয়াল বলেন, এ বিষয়ে আমার কাছে নতুন কোনো আপডেট নেই। দয়া করে এ বিষয়ে আমার আগের বক্তব্যগুলো অনুসরণ করুন।
তিনি স্মরণ করিয়ে দেন যে, এর আগেও একাধিক সংবাদ ব্রিফিংয়ে গঙ্গা নদীর পানি বণ্টন এবং অন্যান্য আন্তঃসীমান্ত বা অভিন্ন নদীর পানিবণ্টন সংক্রান্ত বিষয়গুলো দুই দেশের যৌথ নদী কমিশনের (জেআরসি) কাঠামোয় আলোচনা করা হয়ে থাকে বলে ভারতের পক্ষ থেকে জানানো হয়েছিল।
ব্রিফিংয়ের শেষভাগে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের আগামী নভেম্বর বা ডিসেম্বরে সম্ভাব্য ভারত সফরের কোনো চূড়ান্ত সূচি নির্ধারণ হয়েছে কি না—এমন এক প্রশ্নের জবাবে মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, এ বিষয়েও আমার কাছে এই মুহূর্তে কোনো হালনাগাদ তথ্য নেই।