Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh

শিরোনাম

● কয়েকটি ককটেল বিস্ফোরণে আইনশৃঙ্খলা পরিস্থিতির মূল্যায়ন নয় ● ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৯৫ ● শিগগিরই বিদ্যুৎ বা আর্থিক ব্যবস্থা অচল করে দিতে পারে এআই, ‘এটি না বানালেই হয়তো ভালো হতো’: হিন্টন ● শেখ হাসিনার প্রত্যর্পণ আইন অনুযায়ী হবে: জয়সওয়াল ● ‘মাত্র সালাম দিলাম, ওয়ালাইকুম সালাম শোনার আগেই তুলে দিলেন’: স্পিকার ● পলাতক শেখ হাসিনা কীভাবে পাসপোর্ট-এনআইডি পাবেন: রিজভী ● নিম্ন রাজস্ব আহরণ ও ঋণের বাড়তি চাপে কঠিন চ্যালেঞ্জের মুখে সরকার ● ইস্তাম্বুলে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ● জ্বালানি-সার সংকট, গঙ্গা চুক্তি ও শ্রমিক অসন্তোষ নিয়ে সংসদে আলোচনার দাবি বিরোধীদের ● জালিয়াতি ও শর্তভঙ্গের অভিযোগে ৭২২ এনজিওর নিবন্ধন বাতিল
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

শিগগিরই বিদ্যুৎ বা আর্থিক ব্যবস্থা অচল করে দিতে পারে এআই, ‘এটি না বানালেই হয়তো ভালো হতো’: হিন্টন

স্পেশাল করেসপন্ডেন্ট

প্রকাশ : মঙ্গলবার, ১০ নভেম্বর,২০২৬, ০৭:৫৪ পিএম
শিগগিরই বিদ্যুৎ বা আর্থিক ব্যবস্থা অচল করে দিতে পারে এআই, ‘এটি না বানালেই হয়তো ভালো হতো’: হিন্টন

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির অন্যতম পথিকৃৎ জেফরি হিন্টন বলেছেন, এই প্রযুক্তি কখনো উদ্ভাবন না করলেই হয়তো মানবজাতির জন্য ভালো হতো। তিনি সতর্ক করে বলেছেন, চলতি বছরের শেষ দিকে কিংবা আগামী বছর এআইয়ের কারণে বড় ধরনের বিপর্যয় ঘটতে পারে। এর ফলে বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা বা পুরো আর্থিক ব্যবস্থা সাময়িকভাবে অচল হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

কৃত্রিম নিউরাল নেটওয়ার্ক নিয়ে যুগান্তকারী গবেষণার জন্য নোবেল পুরস্কারজয়ী এই কম্পিউটারবিজ্ঞানী দ্য গার্ডিয়ানকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, তিনি এআই নিয়ে নিছক কোনো ‘সর্বনাশের বার্তাবাহক’ নন। তাঁর বিশ্বাস, এআইয়ের ‘সম্ভাবনাময় ও চমৎকার ভবিষ্যৎ’ গড়ার ক্ষমতা রয়েছে। তবে তাঁর মতে, ‘এমনও হতে পারে যে এই প্রযুক্তি তৈরি না করলেই হয়তো আমরা আরও ভালো থাকতাম।’

৭৮ বছর বয়সী হিন্টন বলেন, মানবজাতি এআইয়ের ঝুঁকিগুলো সামাল দিতে পারবে কি না, তা আগামী এক দশকের মধ্যে কিংবা তারও আগে স্পষ্ট হয়ে যাবে। ঝুঁকি মোকাবিলা করা সম্ভব হলে এআই মানুষের জন্য ‘অভাবনীয় প্রাচুর্য’ বয়ে আনতে পারে। অন্যদিকে, ঝুঁকি ব্যবস্থাপনায় ব্যর্থ হলে ধনী-দরিদ্রের মধ্যে ব্যাপক বৈষম্য, তীব্র সাংস্কৃতিক সংকট ও ব্যাপক বেকারত্ব তৈরি হতে পারে, যা পুরো সমাজব্যবস্থাকে ভেঙে দিতে পারে।

‘এআই: প্রোবাবলি নাথিং টু ওরি অ্যাবাউট’ প্রামাণ্যচিত্রের প্রদর্শনীর আগে এসব কথা বলেন হিন্টন। চ্যাটবটের প্রস্তাবিত শিরোনামে তৈরি এই প্রামাণ্যচিত্রে তাঁর সাবেক গুগল সহকর্মী ডেমিস হাসাবিসও রয়েছেন।

হিন্টন বলেন, নিজের পরিচিতি ও সুনাম কাজে লাগিয়ে এআইয়ের ঝুঁকি সম্পর্কে মানুষকে সতর্ক করাকে তিনি দায়িত্ব মনে করেন।

দ্য গার্ডিয়ানকে দেওয়া সাক্ষাৎকারে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর প্রধানদের তীব্র সমালোচনা করেন তিনি। তাঁর মতে, বাজারে আধিপত্য ধরে রাখতে প্রতিষ্ঠানগুলো একের পর এক শক্তিশালী এআই মডেল বাজারে আনছে।

তিনি বলেন, ‘আমার মনে হয়, মার্ক জাকারবার্গ, ইলন মাস্ক ও স্যাম অল্টম্যান—তাঁরা সবাই এআইয়ের ঝুঁকিগুলো বোঝেন। কিন্তু তাঁরা এসবের পরোয়া করেন না। তাঁরা কেবল অর্থকেই গুরুত্ব দেন।’

চীনের সঙ্গে সবচেয়ে শক্তিশালী এআই তৈরির প্রতিযোগিতায় নেতৃত্ব দেওয়া যুক্তরাষ্ট্রের শীর্ষ এআই প্রতিষ্ঠানগুলোর একটির দায়িত্বে স্যাম অল্টম্যানের থাকাকে ‘অত্যন্ত উদ্বেগজনক’ বলে মনে করেন হিন্টন। যদিও গত সেপ্টেম্বরে অল্টম্যান বলেছিলেন, ‘পরিস্থিতির গুরুত্ব অনুধাবন করেই আমরা সঠিক কাজটি করব। বিশ্বের উচিত আমাদের ওপর সেই বিশ্বাস রাখা।’

প্রায় ৪৪ বছর ধরে এআই নিয়ে কাজ করছেন হিন্টন। ১৯৭০-এর দশকে তিনি নিউরাল নেটওয়ার্কের ধারণা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। এটি এমন একটি গাণিতিক ব্যবস্থা, যা মানুষের মস্তিষ্কের কার্যপ্রণালির আদলে শিখতে ও অভিজ্ঞতা অর্জন করতে পারে।

এআইয়ের ঝুঁকি নিয়ে খোলামেলা কথা বলতে ২০২৩ সালে গুগল ছাড়েন তিনি। সে সময় সতর্ক করে বলেছিলেন, ‘এই প্রযুক্তিগুলো যদি ক্ষমতার আরও বেশি নিয়ন্ত্রণ নিতে শুরু করে, তাহলে আমরা বড় বিপদে পড়ব।’

চলতি গ্রীষ্মে ওপেনএআইয়ের তৈরি কয়েকটি এআই এজেন্ট জোটবদ্ধ হয়ে ‘হাগিং ফেস’ নামের একটি ওয়েবসাইট হ্যাক করার ষড়যন্ত্র করেছিল বলে জানান হিন্টন। ঘটনাটিকে তিনি ১৯৭৯ সালে যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ার থ্রি মাইল আইল্যান্ড পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ঘটে যাওয়া আংশিক দুর্ঘটনার সঙ্গে তুলনা করেন। তাঁর মতে, এটি ভবিষ্যতের আরও বড় বিপদের প্রাথমিক সতর্কবার্তা।

হিন্টন বলেন, ‘চলতি বছরের শেষ দিকে অথবা আগামী বছর আমরা চেরনোবিলের মতো ভয়াবহ কোনো বিপর্যয় দেখতে পারি। আর সেটিই হয়তো মানুষের টনক নড়ানোর জন্য যথেষ্ট হবে।’

তবে তাঁর দেওয়া উদাহরণ অনুযায়ী, এই বিপর্যয় পারমাণবিক দুর্ঘটনা হবে না। বরং এআইচালিত কোনো সাইবার হামলায় বিদ্যুৎ উৎপাদন ব্যবস্থা আক্রান্ত হয়ে ব্যাপক বিদ্যুৎ বিভ্রাট দেখা দিতে পারে। অথবা এমন কোনো ঘটনা ঘটতে পারে, যাতে পুরো আর্থিক ব্যবস্থা এক সপ্তাহের জন্য অচল হয়ে যায়।

তিনি বলেন, ‘তখন কী ঘটবে, কল্পনা করতে পারেন? আমরা হয়তো সেই ধাক্কা কাটিয়ে উঠতে পারব। তবে ওই ঘটনা সংশ্লিষ্টদের নড়েচড়ে বসতে এবং বিষয়টি গুরুত্বের সঙ্গে নিতে বাধ্য করবে।’

‘সংশ্লিষ্টদের’ বলতে কাদের বুঝিয়েছেন—এমন প্রশ্নের জবাবে হিন্টন বলেন, ‘ট্রাম্প ছাড়া বিশ্বের অন্য সব নেতা।’

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, এআই নিয়ন্ত্রণে কোনো ‘বিশ্বায়নপন্থি পরিকল্পনা’ তিনি পুরোপুরি প্রত্যাখ্যান করেন। তাঁর অবস্থান, শীর্ষস্থানীয় এআই প্রতিষ্ঠানগুলো নিজেদের নিয়ন্ত্রণ নিজেরাই করবে।

কঠোর বিধিনিষেধের কারণে এআই প্রতিযোগিতায় চীনের চেয়ে যুক্তরাষ্ট্র পিছিয়ে পড়তে পারে—এমন উদ্বেগ থেকেই ট্রাম্পের এই অবস্থান বলে মনে করা হচ্ছে।

তবে ফিনল্যান্ডের প্রেসিডেন্ট এবং সিঙ্গাপুর, জার্মানি, কানাডা ও অস্ট্রেলিয়াসহ আরও ৩২টি দেশের সমর্থিত কঠোর নিয়ন্ত্রণব্যবস্থার পক্ষে মত দিয়েছেন হিন্টন। এই প্রস্তাবে শীর্ষ এআই মডেলগুলোর বাধ্যতামূলক পরীক্ষা, স্বাধীন মূল্যায়ন এবং সরকারগুলোর মধ্যে অভিন্ন মানদণ্ড তৈরির কথা বলা হয়েছে।

হিন্টন বলেন, ‘ওষুধের ক্ষেত্রে যেমন মার্কিন খাদ্য ও ওষুধ প্রশাসন (এফডিএ) রয়েছে, তেমনি এআইয়ের জন্যও আমাদের একটি নিয়ন্ত্রক সংস্থা প্রয়োজন। নতুন কোনো এআই মডেল বাজারে ছাড়ার আগে প্রতিষ্ঠানগুলোকে স্বাধীন ওই সংস্থার কাছে শক্ত প্রমাণ জমা দিতে হবে যে মডেলটি ক্ষতির চেয়ে বেশি উপকার করবে।’

তিনি আরও বলেন, ‘১৯৫০-এর দশকে থ্যালিডোমাইড নামের একটি ওষুধের কারণে গুরুতর শারীরিক প্রতিবন্ধকতা নিয়ে অনেক শিশুর জন্ম হয়েছিল। সেই ঘটনার পর আমরা শিখেছিলাম, ক্ষতিকর পণ্য আগে বাজারে ছাড়তে দেওয়া এবং ক্ষতি হওয়ার পর মামলা করা সঠিক পদ্ধতি নয়। কিন্তু বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো এখন সেই পুরোনো ভুলই করতে চাইছে। তারা থ্যালিডোমাইডের মতোই ছাড় পেতে চায়।’

এআইয়ের অন্যতম পথিকৃৎ হিসেবে হিন্টনের ভূমিকার সঙ্গে প্রায়ই পারমাণবিক অস্ত্র তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা রবার্ট ওপেনহাইমারের তুলনা করা হয়।

এত সতর্কবার্তা দেওয়ার পরও বড় ধরনের বিপর্যয় এড়ানো সম্ভব বলে আশাবাদী হিন্টন।

তিনি বলেন, ‘আমার মন বলছে, পরিস্থিতি এখনো আমাদের নিয়ন্ত্রণেই রয়েছে। আমরা নিশ্চয়ই কোনো ব্যবস্থা নিতে পারব। এর জন্য বড় ধরনের প্রচেষ্টা চালাতে হবে। আর সম্ভবত আমরা সেই বড় প্রচেষ্টাই চালাতে যাচ্ছি।’

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)