বিনোদন ডেস্ক
দক্ষিণ ভারতীয় সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সাই পল্লবীকে ঘিরে বিনোদনজগতে নতুন করে আলোচনা শুরু হয়েছে। বলিউডের মহাকাব্যিক প্রজেক্ট ‘রামায়ণ’ নিয়ে আলোচনার মধ্যেই এবার সম্পূর্ণ ভিন্ন এক রূপে পর্দায় হাজির হচ্ছেন এই অভিনেত্রী। ধানুশ ও মেগাস্টার মাম্মুটির প্রতীক্ষিত সিনেমা ‘ওএম: চ্যাপ্টার ১: উদিরাম: দ্য ব্লাড উড’-এ একজন সাহসী সিবিআই কর্মকর্তার চরিত্রে দেখা যাবে তাঁকে।
সম্প্রতি প্রকাশিত হয়েছে সিনেমাটিতে সাই পল্লবীর চরিত্রের প্রথম ঝলক। সেটি প্রকাশ্যে আসার পর থেকেই প্রশংসায় ভাসছেন অভিনেত্রী। ছবিতে তাঁর চরিত্রের নাম নিত্যা রেড্ডি। প্রকাশিত ভিডিওতে দেখা যায়, লাল চন্দনকাঠ পাচারের রহস্য উদ্ঘাটনে জটিল এক তদন্তে নেমেছেন তিনি।
অন্ধ্র প্রদেশের নেল্লোর জেলার নাইদুপেটের মেয়ে নিত্যার সঙ্গে বনাঞ্চলের রয়েছে গভীর আবেগের সম্পর্ক। তাঁর বাবা ছিলেন একজন ভারতীয় বন কর্মকর্তা, যিনি বন রক্ষা করতে গিয়ে নিজের জীবন উৎসর্গ করেছিলেন। বাবার সেই আত্মত্যাগ এবং বনের প্রতি গভীর টান নিত্যা চরিত্রটিকে দিয়েছে দৃঢ়তা ও অনন্য বৈশিষ্ট্য।
এদিকে দীর্ঘদিন পর ধানুশ ও সাই পল্লবীকে আবারও একসঙ্গে পর্দায় দেখার অপেক্ষায় রয়েছেন ভক্তরা। এর আগে ‘মারি ২’ সিনেমার জনপ্রিয় গান ‘রাউডি বেবি’তে তাঁদের রসায়ন দর্শকদের মুগ্ধ করেছিল। নতুন সিনেমায় এই জুটির পুনর্মিলন ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমেও দেখা যাচ্ছে উচ্ছ্বাস। অনেকে লিখেছেন, ‘অবশেষে আমাদের প্রিয় রাউডি বেবি জুটি আবার ফিরল!’
রাজকুমার পেরিয়াসামি পরিচালিত এই বড় বাজেটের সিনেমায় গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন ধানুশ ও মাম্মুটি।
প্রথমে ছবিটি ১৬ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তির পরিকল্পনা ছিল। তবে রজনীকান্তের বহুল আলোচিত ‘জেলার ২’ সিনেমার সঙ্গে মুক্তির তারিখের সংঘাত এড়াতে পিছিয়ে দেওয়া হয় ছবিটির মুক্তি। বর্ষীয়ান অভিনেতা রজনীকান্তের প্রতি সম্মান জানিয়ে ধানুশ পরবর্তী সময়ে ২০ নভেম্বরকে নতুন মুক্তির তারিখ হিসেবে ঘোষণা করেন।
‘রামায়ণ’ ঘিরে আলোচনার বাইরে সাই পল্লবীর এই নতুন অ্যাকশনধর্মী চরিত্র সিনেমাটি নিয়ে দর্শকদের আগ্রহ আরও বাড়িয়ে দিয়েছে।