নিজস্ব প্রতিবেদক
সাংবাদিক ও কথাসাহিত্যিক এহসান মাহমুদকে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।
বুধবার (১৬ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর আইন, ২০২৬-এর ১২(২) ধারা অনুযায়ী এহসান মাহমুদকে চুক্তিভিত্তিক এ নিয়োগ দেওয়া হয়েছে। যোগদানের তারিখ থেকে এক বছরের জন্য তিনি এ দায়িত্ব পালন করবেন।
নিয়োগের শর্ত অনুযায়ী, দায়িত্ব পালনকালে তিনি অন্য কোনো পেশা বা ব্যবসার সঙ্গে যুক্ত হতে পারবেন না। একই সঙ্গে কোনো সরকারি, আধা-সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে কর্ম-সম্পর্কও রাখা যাবে না।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে এ নিয়োগ দেওয়া হয়েছে।
সাংবাদিকতা পেশায় দীর্ঘদিনের অভিজ্ঞ এহসান মাহমুদ দৈনিক সমকাল, দেশ রূপান্তর, ভয়েস অব আমেরিকা বাংলা, মানবজমিন ও নেত্র নিউজসহ বিভিন্ন গণমাধ্যমে কাজ করেছেন।
সাংবাদিকতার পাশাপাশি সাহিত্যচর্চাতেও সক্রিয় তিনি। তার প্রকাশিত বইয়ের মধ্যে উপন্যাস ‘একাত্তরের লালমিয়া’ ও ‘কোকিল অসময়ে ডাকিয়াছিল’ এবং কবিতার বই ‘আদিবাসী প্রেমিকার মুখ’ উল্লেখযোগ্য। এ ছাড়া প্রবন্ধ ও রাজনীতি বিষয়েও তার বিভিন্ন লেখা ও প্রকাশনা রয়েছে।