আন্তর্জাতিক ডেস্ক
গরুর প্রতি হিন্দুদের ধর্মীয় শ্রদ্ধা নিয়ে বিদ্রূপ করে তীব্র সমালোচনার মুখে পড়েছেন ইসরায়েলি-আমেরিকান এক ইহুদি ধর্মপ্রচারক। হিন্দুদের গোমূত্র পান ও চিকিৎসায় ব্যবহারের বিষয়টি নিয়ে উপহাস করায় ভারতজুড়ে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
শুক্রবার (৩০ অক্টোবর) ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যমে চলতি সপ্তাহে ইয়োসেফ মিজরাহি নামের ওই ধর্মপ্রচারকের একটি ভিডিও ছড়িয়ে পড়ার পর ভারতের বিভিন্ন মহল থেকে তীব্র প্রতিক্রিয়া এসেছে।
ভিডিওতে মিজরাহি হিন্দুদের গোমূত্র পান এবং চিকিৎসায় ব্যবহারের বিষয়টি নিয়ে কটাক্ষ করেন। পাশাপাশি নয়াদিল্লির রাস্তায় গরুর অবাধ বিচরণ ও যান চলাচলে বিঘ্ন সৃষ্টি নিয়েও বিদ্রূপ করেন তিনি। তার মন্তব্যের পর ভারতীয় সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের অনেকে তাকে বর্ণবাদী বলে আখ্যা দিয়েছেন। কেউ কেউ তার বক্তব্যকে হিন্দুদের ধর্মীয় বিশ্বাস ও ঐতিহ্যের প্রতি অবমাননা হিসেবে দেখছেন।
ভিডিওতে মিজরাহিকে বলতে শোনা যায়, ‘আপনারা কি সেই ভারতীয়দের কথা জানেন, যারা গরুর পূজা করে? অর্থাৎ হিন্দুরা। তারা মেঝে থেকে গরুর মূত্র চেটে খায়। মজার বিষয় হলো, তাদের মধ্যে এমন কিছু মানুষ চিকিৎসকও।’
এরপর তিনি সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, তিনি তাকে ভারতীয়দের মতো করে সৃষ্টি করেননি।
ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়, দুই হাজার বছরের বেশি সময় ধরে ইহুদি সম্প্রদায়ের মানুষ ভারতে বসবাস করছেন। ঐতিহাসিকভাবে ভারত এমন কয়েকটি দেশের মধ্যে অন্যতম, যেখানে ইহুদি সম্প্রদায়ের মানুষ দীর্ঘদিন ধরে বসবাস করে আসছেন।
গত তিন দশকে ভারত ও ইসরায়েলের মধ্যে ঘনিষ্ঠ কৌশলগত সম্পর্ক গড়ে উঠেছে। প্রতিরক্ষা, গোয়েন্দা তথ্য বিনিময়, সন্ত্রাসবাদ দমন, সাইবার নিরাপত্তা, কৃষি, পানি ব্যবস্থাপনা, বাণিজ্য ও প্রযুক্তিসহ বিভিন্ন ক্ষেত্রে দেশ দুটি সহযোগিতা করছে। চলতি বছরের শুরুতে দ্বিপক্ষীয় সম্পর্ককে ‘বিশেষ কৌশলগত অংশীদারত্বে’ উন্নীত করেছে তারা।
দুই দেশের ঘনিষ্ঠ সম্পর্কের মধ্যেও মিজরাহির এমন মন্তব্য ভারতীয়দের মধ্যে ক্ষোভ তৈরি করেছে। একজন ভারতীয় সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারী তার বক্তব্যকে ‘অশালীন ও বর্ণবাদী বিভ্রম’ বলে অভিহিত করেছেন। আরেকজন তাকে ‘বর্ণবাদী সাইকোপ্যাথ’ বলে মন্তব্য করেছেন।
হিন্দুদের নিয়ে কী বলেছিলেন মিজরাহি?
ভিডিওর শুরুতে মিজরাহি এক ভারতীয় ব্যক্তির কথা উল্লেখ করেন। ওই ব্যক্তি একসময় তার ফেসবুক পেজে কাজ করতেন এবং ইহুদি ধর্মে ধর্মান্তরিত হতে চেয়েছিলেন বলে দাবি করেন তিনি।
মিজরাহি বলেন, ওই ব্যক্তি ভারতে তার বাবা ও ভাইয়ের সঙ্গে থাকতেন। তারা গরুর সামনে মাথা নত করে পূজা করতেন।
তিনি আরও দাবি করেন, ওই পরিবার গরুকে বাড়ির বসার ঘরে নিয়ে আসত। গরু মেঝেতে মূত্রত্যাগ করলে তারা তা চেটে খেতেন। ভারতীয়রা ফার্মেসি থেকেও গরুর মূত্র কিনে থাকেন বলে দাবি করেন তিনি।
চিকিৎসকদের এমন আচারের সঙ্গে যুক্ত থাকার সম্ভাবনা নিয়ে উপহাস করে মিজরাহি বলেন, পরবর্তী সময়ে কেউ নয়াদিল্লির কোনো হাসপাতালে গেলে চিকিৎসক হয়তো তাকে ‘গুড মর্নিং’ বলবেন, যিনি আগের রাতে গরুর মূত্র পান করেছিলেন।
এ ছাড়া সুজি নামে একটি গরুকে নিয়েও রসিকতা করেন তিনি। তার ভাষ্য অনুযায়ী, গরুটি রাস্তার মাঝখানে বসে থাকায় পথচারীরা আটকা পড়েছিলেন, কিন্তু কেউ সেটিকে সরানোর সাহস পাননি।
সবশেষে তিনি বলেন, ‘আমরা বিষয়টি নিয়ে হাসছি। তবে আমরা সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞ যে, তিনি আমাদের তাদের মতো করে সৃষ্টি করেননি।’
হিন্দুদের ধর্মীয় বিশ্বাস নিয়ে উপহাসের এই ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ছড়িয়ে পড়ার পর ভারতজুড়ে সমালোচনার ঝড় ওঠে।