আন্তর্জাতিক ডেস্ক
বর্ণবৈষম্য অবসানে ২৫ বছর আগে দেওয়া বৈশ্বিক প্রতিশ্রুতি পূরণে বিশ্ব এখনো অনেক পিছিয়ে রয়েছে বলে মন্তব্য করেছেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত আইরিন খান।
সোমবার (২৮ সেপ্টেম্বর) জাতিসংঘে ডারবান ঘোষণা ও কর্মপরিকল্পনার (ডিডিপিএ) ২৫তম বার্ষিকী উপলক্ষে আয়োজিত উচ্চপর্যায়ের অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় তিনি এ মন্তব্য করেন।
আইরিন খান বলেন, ২৫ বছর আগে ডারবান ঘোষণা ও কর্মপরিকল্পনার মাধ্যমে জাতি, বর্ণ, বংশপরিচয় কিংবা জাতীয় বা জাতিগত পরিচয়ের কারণে কোনো মানুষ বৈষম্যের শিকার হবে না—এমন সুস্পষ্ট অঙ্গীকার করা হয়েছিল। কিন্তু সেই অঙ্গীকার বাস্তবায়নে বিশ্ব এখনো অনেক দূরে রয়েছে। এ সময় তিনি ডিডিপিএর পূর্ণাঙ্গ ও কার্যকর বাস্তবায়নে বাংলাদেশের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
দাসপ্রথা, ঔপনিবেশিকতা ও অন্যান্য ঐতিহাসিক অবিচার থেকে তৈরি কাঠামোগত বৈষম্য মোকাবিলায় ন্যায়বিচার, শিক্ষা, উন্নয়ন ও আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের আহ্বান জানান রাষ্ট্রদূত। একই সঙ্গে অভিবাসী, শরণার্থী, জোরপূর্বক বাস্তুচ্যুত মানুষ, সংখ্যালঘু, নারী, শিশু ও ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকা জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় আরও কার্যকর পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্ব দেন তিনি।
কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়েও বক্তব্য দেন আইরিন খান। তিনি বলেন, ঘৃণা ও সহিংসতায় উসকানি ছড়ানোর পরিবর্তে নতুন প্রযুক্তিকে টেকসই উন্নয়নের কাজে ব্যবহার করতে হবে। একই সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তার বিকাশের ক্ষেত্রে মানবাধিকার, সমতা ও বৈষম্যহীনতার সুরক্ষা নিশ্চিত করতে হবে।
তিনি আরও বলেন, বাংলাদেশ এমন একটি বিশ্ব গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ, যেখানে অনলাইন ও অফলাইন—উভয় ক্ষেত্রেই মানুষের বৈচিত্র্য ও মর্যাদা সমুন্নত থাকবে।