আন্তর্জাতিক ডেস্ক
বৈরী আবহাওয়ার কবলে পড়ে জাভা সাগরে ২৪৩ জন আরোহী নিয়ে ইন্দোনেশিয়ার একটি যাত্রীবাহী জাহাজ নিখোঁজ হয়েছে। শনিবার সকালে দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর সুরাবায়া বন্দর থেকে দক্ষিণ কালিমানথান প্রদেশের রাজধানী বানজারমাসিনের উদ্দেশে যাত্রার পর জাহাজটির সঙ্গে নিয়ন্ত্রণকক্ষের সব যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্স ও এপির প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় শনিবার সকাল ১০টা ১৩ মিনিটে সুরাবায়া থেকে জাহাজটি বানজারমাসিনের উদ্দেশে রওনা হয়। পথে সেটি প্রতিকূল আবহাওয়ার মধ্যে পড়ে।
বানজারমাসিন অনুসন্ধান ও উদ্ধার কার্যালয়ের প্রধান আই পুতু সুদায়ানা এক ভিডিও বার্তায় জানান, জাহাজটি দুর্যোগপূর্ণ আবহাওয়ার মুখে পড়ার বিপদসংকেত পাওয়ার পরপরই অপারেটর কোম্পানি কর্তৃপক্ষকে বিষয়টি জানায়। এরপর দ্রুত উদ্ধার অভিযান শুরু করা হয়।
এপির তথ্য অনুযায়ী, বানজারমাসিনের একটি জেটি থেকে প্রায় ১৪৮ কিলোমিটার দূরে থাকা অবস্থায় জাহাজটি থেকে সর্বশেষ অবস্থান সংকেত পাওয়া যায়।
নিখোঁজদের সন্ধানে বানজারমাসিনের বাসিরিহ জেটি থেকে ইতোমধ্যে একটি উদ্ধারকারী জাহাজ ঘটনাস্থলের উদ্দেশে পাঠানো হয়েছে। জাহাজটিতে বিপুলসংখ্যক যাত্রী থাকায় বিষয়টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে জনবল ও প্রয়োজনীয় সরঞ্জাম নিয়ে উদ্ধারকাজ শুরু করেছেন কর্মীরা।
কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে আবহাওয়া পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণের পাশাপাশি অনুসন্ধান চালানো হচ্ছে। তবে এখন পর্যন্ত কোনো আরোহীর সন্ধান বা হতাহতের খবর নিশ্চিত করতে পারেনি কর্তৃপক্ষ।
প্রায় ১৭ হাজার দ্বীপ নিয়ে গঠিত ইন্দোনেশিয়ায় এক দ্বীপ থেকে অন্য দ্বীপে যাতায়াতের জন্য ফেরি ও যাত্রীবাহী জাহাজ ব্যাপকভাবে ব্যবহৃত হয়। তবে দুর্বল নিরাপত্তাব্যবস্থা ও নজরদারির কারণে দেশটির নৌপথে প্রায়ই বড় ধরনের দুর্ঘটনা ঘটে।