নিজস্ব প্রতিবেদক
মাধ্যমিকের দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে শিক্ষার্থী ভর্তি প্রক্রিয়া দুই ধাপে সম্পন্ন করার পরিকল্পনা করা হয়েছে। প্রথম ধাপে দ্বিতীয় থেকে পঞ্চম শ্রেণি এবং দ্বিতীয় ধাপে ষষ্ঠ থেকে নবম শ্রেণির ভর্তি পরীক্ষা নেওয়া হবে। আগামী ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকে এ পরীক্ষা শুরু হতে পারে।
এ বিষয়ে জানতে চাইলে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল বলেন, প্রাথমিকভাবে কয়েকটি বিষয় নিয়ে আলোচনা হয়েছে। তবে এখনো কোনো সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি। শিগগিরই মাউশির পক্ষ থেকে একটি প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হবে। মন্ত্রণালয়ের অনুমোদনের পর ভর্তি নীতিমালা জারি করা হবে।
মাউশি সূত্রে জানা গেছে, দ্বিতীয় থেকে পঞ্চম শ্রেণির ভর্তি পরীক্ষা হবে ৫০ নম্বরের। আর ষষ্ঠ থেকে নবম শ্রেণির পরীক্ষা হবে ১০০ নম্বরের। এ কারণে ভর্তি পরীক্ষা দুই ধাপে নেওয়ার পরিকল্পনা করা হয়েছে। দুই ধাপের পরীক্ষাই ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকে শুরু করার পরিকল্পনা রয়েছে।
মাউশির একটি দায়িত্বশীল সূত্র জানায়, দ্বিতীয় থেকে নবম শ্রেণির শিক্ষার্থীদের বাংলা, ইংরেজি ও গণিত বিষয়ে পরীক্ষা নেওয়া হবে। দ্বিতীয় থেকে পঞ্চম শ্রেণির ক্ষেত্রে বাংলায় ১৫, ইংরেজিতে ১৫ এবং গণিতে ২০ নম্বর থাকবে। আর ষষ্ঠ থেকে নবম শ্রেণির ক্ষেত্রে বাংলায় ৩০, ইংরেজিতে ৩০ এবং গণিতে ৪০ নম্বরের পরীক্ষা হবে।
দ্বিতীয় থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের জন্য পরীক্ষার সময় নির্ধারণ করা হয়েছে এক ঘণ্টা। অন্যদিকে, ষষ্ঠ থেকে নবম শ্রেণির শিক্ষার্থীদের দুই ঘণ্টার পরীক্ষায় অংশ নিতে হবে।
নাম প্রকাশ না করার শর্তে মাউশির এক কর্মকর্তা বলেন, ‘স্কুলগুলো নিজেদের মতো করে পরীক্ষা নেবে। আমরা একটি সময় নির্ধারণ করে দেব। এই সময়সীমার মধ্যে পরীক্ষা শেষ করে শিক্ষার্থী ভর্তি করতে হবে। নটর ডেম বা হলিক্রস যেভাবে পরীক্ষা নেয়, সেভাবেই স্কুলগুলো পরীক্ষা নেবে।’
পরীক্ষা শুরুর সম্ভাব্য সময় সম্পর্কে জানতে চাইলে ওই কর্মকর্তা বলেন, ‘আগামী নভেম্বর মাসের মধ্যে শূন্য পদের তথ্য সংগ্রহের কার্যক্রম শেষ করা হবে। এরপর ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকে পরীক্ষা শুরুর সময় নির্ধারণ করে ডিসেম্বরের দ্বিতীয় ভাগে ভর্তি কার্যক্রম শেষ করার পরিকল্পনা করা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদন সাপেক্ষে বিষয়গুলো চূড়ান্ত করা হবে।’