Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh

শিরোনাম

সাগরপথে মালয়েশিয়া পাচারের সময় টেকনাফে ১৫ জন উদ্ধার মহিপুরে কারিতাসের উদ্যোগে ভার্মি কম্পোস্ট ও জৈব চাষাবাদে কৃষকদের উদ্বুদ্ধ করতে লোকসংগীত ও পথনাটক বিএনপি সরকারের দুর্নীতিতে ছয় মাসেই বিদ্যুৎ সংকট: শাহজাহান চৌধুরী জাপানে প্রথমবার শতবর্ষী মানুষের সংখ্যা লাখ ছাড়াল শিশুদের সম্ভাবনা বিকাশে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের স্থানীয় সরকার শক্তিশালী করতে ইউএনডিপির সঙ্গে যৌথ উদ্যোগের প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর স্কুলে ভর্তি দুই ধাপে, পরীক্ষা শুরু হতে পারে ডিসেম্বরের প্রথম সপ্তাহে জুলাই হত্যা মামলা: ওবায়দুল কাদেরসহ ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড মহিপুরে এনজিওর টিউবওয়েল ও নারীবান্ধব বিশ্রামাগার দখলের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী নাফ নদীতে মাছ ধরতে গিয়ে আরাকান আর্মির গুলিতে জেলে আহত
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

মহিপুরে কারিতাসের উদ্যোগে ভার্মি কম্পোস্ট ও জৈব চাষাবাদে কৃষকদের উদ্বুদ্ধ করতে লোকসংগীত ও পথনাটক

মিজানুর রহমান রিপন, কলাপাড়া (পটুয়াখালী)

প্রকাশ : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর,২০২৬, ০৯:৫৯ পিএম
মহিপুরে কারিতাসের উদ্যোগে ভার্মি কম্পোস্ট ও জৈব চাষাবাদে কৃষকদের উদ্বুদ্ধ করতে লোকসংগীত ও পথনাটক

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মহিপুরে জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা কৃষকদের পরিবেশবান্ধব কৃষি, ভার্মি কম্পোস্ট (কেঁচো সার) উৎপাদন ও জৈব চাষাবাদে উদ্বুদ্ধ করতে সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। লোকসংগীত, জারিগান, কৃষিবিষয়ক পথনাটক ও মাল্টিমিডিয়া প্রদর্শনের মাধ্যমে কৃষকদের টেকসই কৃষি পদ্ধতি সম্পর্কে সচেতন করা হয়।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে মহিপুর ইউনিয়নের ৪৫ নম্বর মনোহরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ কর্মসূচির আয়োজন করা হয়। কারিতাস বাংলাদেশের বরিশাল অঞ্চলের ধরিত্রী প্রকল্পের আওতায় আয়োজিত এ কর্মসূচিতে আর্থিক সহযোগিতা করে ক্যাফোড (CAFOD—Catholic Agency for Overseas Development)।

‘বাংলাদেশের জলবায়ু পরিবর্তনের ফলে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জন্য পরিবেশবান্ধব উদ্যোক্তা তৈরি এবং বাজারজাতকরণ প্রকল্প (ধরিত্রী)’-এর আওতায় কর্মসূচিটি বাস্তবায়ন করা হয়। প্রকল্পের অন্যতম লক্ষ্য হলো জলবায়ু পরিবর্তনে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর মধ্যে পরিবেশবান্ধব কৃষি ও ক্ষুদ্র উদ্যোক্তা কার্যক্রম সম্প্রসারণ এবং উৎপাদিত পণ্যের বাজারজাতকরণে সহায়তা করা।

কর্মসূচির শুরুতে সার্বজনীন প্রার্থনা করেন কাজল ঘরামী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ধরিত্রী ও এ্যাকরাব প্রকল্পের জুনিয়র কর্মসূচি কর্মকর্তা জর্জ বৈরাগী।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা কৃষি বিভাগের উপসহকারী কৃষি কর্মকর্তা মো. আশ্রাফ আলী হাওলাদার। বিশেষ অতিথি ছিলেন মহিপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. ইব্রাহিম খান, কুয়াকাটা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মিজানুর রহমান রিপন ও গণমাধ্যমকর্মী মুন্সী ইউসুফ।

অনুষ্ঠানে ধরিত্রী প্রকল্পের মার্কেট প্রমোশন অফিসার অসীম কুমার বিশ্বাস অংশগ্রহণকারীদের পরিচিতি পর্ব পরিচালনা করেন। পরে প্রকল্পের উদ্দেশ্য, কর্মসূচির লক্ষ্য এবং পরিবেশবান্ধব কৃষির প্রয়োজনীয়তা তুলে ধরে স্বাগত বক্তব্য দেওয়া হয়।

কর্মসূচির অন্যতম আকর্ষণ ছিল স্থানীয় কৃষাণীদের পরিবেশনায় লোকসংগীত, জারিগান ও কৃষিবিষয়ক পথনাটক। এসব পরিবেশনার মাধ্যমে রাসায়নিক সারের অতিরিক্ত ব্যবহার কমানো, মাটির উর্বরতা রক্ষা, জৈব সার ব্যবহারের সুফল এবং ভার্মি কম্পোস্ট উৎপাদন ও ব্যবহারের বিভিন্ন দিক তুলে ধরা হয়। পাশাপাশি মাল্টিমিডিয়া প্রদর্শনের মাধ্যমে আধুনিক ও পরিবেশবান্ধব কৃষি ব্যবস্থাপনা সম্পর্কে কৃষকদের ধারণা দেওয়া হয়।

আলোচনা পর্বে বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে উপকূলীয় অঞ্চলের কৃষি ও কৃষিজীবী মানুষের জীবন-জীবিকায় নানা ঝুঁকি তৈরি হচ্ছে। লবণাক্ততা বৃদ্ধি, অনিয়মিত বৃষ্টিপাত, জলাবদ্ধতা ও ঘূর্ণিঝড়সহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ কৃষি উৎপাদনকে প্রভাবিত করছে। এ পরিস্থিতিতে কৃষিতে টেকসই ও পরিবেশবান্ধব পদ্ধতির ব্যবহার বাড়ানো জরুরি।

তারা আরও বলেন, ভার্মি কম্পোস্ট বা কেঁচো সার ব্যবহারের মাধ্যমে মাটির জৈব গুণাগুণ উন্নত করা সম্ভব। কৃষকেরা তুলনামূলক কম খরচে নিজেরাই কেঁচো সার উৎপাদন করতে পারেন। এতে কৃষিতে জৈব উপাদানের ব্যবহার বাড়ার পাশাপাশি স্থানীয় পর্যায়ে নতুন কৃষিভিত্তিক উদ্যোক্তা তৈরির সুযোগ সৃষ্টি হবে। উৎপাদিত ভার্মি কম্পোস্ট বাজারজাত করে কৃষকেরা অতিরিক্ত আয়ও করতে পারবেন।

পরে কৃষক-কৃষাণীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে জিজ্ঞাসা ও মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়। এ সময় স্থানীয় কৃষকেরা ভার্মি কম্পোস্টের উৎপাদন পদ্ধতি, ব্যবহার, সংরক্ষণ, বাজারজাতকরণ ও জৈব চাষাবাদ নিয়ে নানা প্রশ্ন করেন। সংশ্লিষ্টরা তাদের প্রশ্নের উত্তর দেওয়ার পাশাপাশি পরিবেশবান্ধব কৃষি পদ্ধতি গ্রহণে উৎসাহিত করেন।

বিশেষ অতিথি প্যানেল চেয়ারম্যান ইব্রাহিম খান ও সাংবাদিক মিজানুর রহমান রিপন স্থানীয় কৃষকদের পরিবেশবান্ধব কৃষির দিকে এগিয়ে আসার আহ্বান জানান। তারা বলেন, কৃষির সঙ্গে পরিবেশের সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্থানীয় কৃষকদের সম্পৃক্ত করে এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম আরও বাড়ানো প্রয়োজন।

প্রধান অতিথির বক্তব্যে উপসহকারী কৃষি কর্মকর্তা মো. আশ্রাফ আলী হাওলাদার কৃষকদের জৈব সার ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন। কৃষি উৎপাদন বৃদ্ধির পাশাপাশি মাটির স্বাস্থ্য ও পরিবেশ রক্ষায় টেকসই কৃষি পদ্ধতি অনুসরণের আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানের সভাপতি জর্জ বৈরাগী অতিথি, কৃষক-কৃষাণী, সাংবাদিক ও স্থানীয় বাসিন্দাদের অংশগ্রহণের জন্য ধন্যবাদ জানান। পাশাপাশি ধরিত্রী প্রকল্পের মাধ্যমে পরিবেশবান্ধব কৃষি উদ্যোক্তা তৈরি এবং কৃষকদের উৎপাদিত পণ্যের বাজারজাতকরণে সচেতনতা বৃদ্ধির কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)