নিজস্ব প্রতিবেদক
দেশের বাণিজ্যিক ব্যাংকগুলোর সাইবার নিরাপত্তা ব্যবস্থা এখনো প্রত্যাশিত মানে পৌঁছাতে পারেনি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান। তিনি বলেন, এ খাতের বিদ্যমান দুর্বলতার কারণে কেন্দ্রীয় ব্যাংককে সবসময় সতর্ক ও উদ্বিগ্ন থাকতে হচ্ছে।
মঙ্গলবার (৪ আগস্ট) ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে গভর্নর এ মন্তব্য করেন।
তিনি বলেন, ব্যাংকিং খাতে ডিজিটাল লেনদেন দ্রুত বাড়লেও অনেক বাণিজ্যিক ব্যাংক এখনো কার্যকর সাইবার নিরাপত্তা ব্যবস্থা গড়ে তুলতে পারেনি। ফলে সম্ভাব্য সাইবার হামলা ও তথ্য-নিরাপত্তা ঝুঁকি মোকাবিলায় বাংলাদেশ ব্যাংককে সতর্ক অবস্থানে থাকতে হচ্ছে।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ বলেন, ভবিষ্যতে সাইবার হামলার ঝুঁকি আরও বাড়বে। তিনি জানান, সরকারি প্রতিষ্ঠানের তথ্য-নিরাপত্তা অবকাঠামো এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে। এ কারণে সরকার ও বেসরকারি খাতকে সমন্বিতভাবে সাইবার নিরাপত্তা জোরদারে কাজ করতে হবে।
এদিকে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম বলেন, বাকস্বাধীনতার আড়ালে সামাজিক যোগাযোগমাধ্যমে বুলিং, মিথ্যা তথ্য এবং হয়রানিমূলক কনটেন্টের প্রচার কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে।
তিনি আরও জানান, সরকারবিরোধী মিথ্যা প্রচারণা ও বিভ্রান্তিকর কনটেন্টের বিস্তার রোধে শিগগিরই মেটা, গুগলসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্মের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবে সরকার।