মুন্সীগঞ্জ প্রতিনিধি
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জ অংশে যাত্রীবাহী বাস উল্টে কয়েকজন যাত্রী আহত হয়েছেন। তবে বড় ধরনের প্রাণহানি ছাড়াই পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে।
সোমবার (১৫ জুন) বিকেলে এক্সপ্রেসওয়ের ঢাকামুখী লেনের শ্রীনগর উপজেলার কামারখোলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্র জানায়, বরিশাল থেকে ঢাকাগামী ‘বিএমএফ পরিবহন’ নামের একটি বাস বেপরোয়া গতিতে চলার সময় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ওপর উল্টে যায়।
দুর্ঘটনার পর মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায়। এতে যান চলাচল স্বাভাবিক করা সম্ভব হয়।
মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স-এর উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, বাসটি অতিরিক্ত গতিতে থাকায় চালক নিয়ন্ত্রণ হারান, যার ফলে দুর্ঘটনাটি ঘটে।
তিনি আরও জানান, বাসের কয়েকজন যাত্রী সামান্য আহত হয়েছেন, তবে বড় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
দুর্ঘটনাকবলিত বাসটি সড়ক থেকে সরানোর কাজ চলছে বলে জানা গেছে।