নিজস্ব প্রতিবেদক
মেট্রোরেলে আবারও যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে। উত্তরা উত্তর স্টেশন থেকে মতিঝিলগামী একটি ট্রেন কারওয়ান বাজার স্টেশনে প্রায় ১০ মিনিট দাঁড়িয়ে থাকার পর যাত্রীদের নেমে যেতে নির্দেশ দেওয়া হয়েছে। সচিবালয় স্টেশনেও দীর্ঘসময় ধরে দাঁড়িয়ে ছিলো ট্রেন। এ সময় ট্রেনের ভেতরে এসি চললেও দরজা খোলা রাখা হয়েছে। প্রতিটি স্টেশনে যাত্রীদের উপচেপড়া ভিড় লক্ষ্য করা গেছে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেল পৌনে ৫টার দিকে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, কারওয়ান বাজার স্টেশনে ট্রেনটি কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর যাত্রীদের নেমে যেতে বলা হয়। পরে যাত্রীরা ট্রেন থেকে নেমে স্টেশন ত্যাগ করেন। এরপর ট্রেনটি আর মতিঝিলের দিকে যায়নি বলে জানা গেছে।
হঠাৎ ট্রেন থেকে নামিয়ে দেওয়ায় যাত্রীদের মধ্যে ভোগান্তি ও ক্ষোভ দেখা দেয়। অনেকে মেট্রোরেলের এমন পরিস্থিতিতে অসন্তোষ প্রকাশ করেন।কেউ কেউ বলেন গত এক সপ্তাহ ধরে মেট্রোরেলে এ ধরনের সমস্যা হচ্ছে। ঠিক কি কারণে এমনটা হচ্ছে এর কারণ কেউ বলতে পারছেন না।
তবে কী কারণে ট্রেনটি চলাচল বন্ধ করেছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। মেট্রোরেল কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া গেলে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।