নিজস্ব প্রতিবেদক
পবিত্র আশুরা উদযাপন ও তাজিয়া মিছিলে দা, ছুরি, কাস্তে, বর্শা, বল্লম, তরবারি, লাঠির মতো ধারালো ও দেশীয় অস্ত্র বহন এবং আতশবাজি ও পটকা ফোটানো সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
মঙ্গলবার (১৬ জুন) ডিএমপি হেডকোয়ার্টার্সের সম্মেলন কক্ষে ঢাকা মহানগর এলাকার নিরাপত্তা, আইন-শৃঙ্খলা ও ট্রাফিক ব্যবস্থাপনা সংক্রান্ত এক সমন্বয় সভায় ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ এই নির্দেশনার কথা জানান। পবিত্র আশুরা উদযাপন ও তাজিয়া মিছিলের কর্মসূচি সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে এই সভার আয়োজন করা হয়।
ডিএমপি কমিশনার বলেন, "পবিত্র আশুরার সব কর্মসূচি সুষ্ঠুভাবে বাস্তবায়নে সবাইকে সমন্বিতভাবে দায়িত্ব পালন করতে হবে। কেউ যেন কোনো ধরনের বিশৃঙ্খলা বা আইনশৃঙ্খলার অবনতি ঘটাতে না পারে, সেদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে।"
নিরাপত্তা ব্যবস্থার বিস্তারিত তুলে ধরে তিনি জানান, আশুরার মূল কেন্দ্র হোসাইনী দালান ইমামবাড়া এবং এর আশেপাশের পুরো এলাকা সিসিটিভি ক্যামেরার আওতায় থাকবে। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি বা দুর্ঘটনা এড়াতে পুরো এলাকায় ডগ স্কোয়াড ও ম্যানুয়ালি সুইপিং করা হবে। এছাড়া সমাবেশ ও মিছিলের প্রবেশপথে আর্চওয়ে এবং মেটাল ডিটেক্টরের মাধ্যমে কঠোর তল্লাশির ব্যবস্থা থাকবে। নিরাপত্তার দায়িত্বে ইউনিফর্মধারী পুলিশের পাশাপাশি পর্যাপ্ত পরিমাণ সাদা পোশাকের পুলিশ মোতায়েন থাকবে বলে তিনি নিশ্চিত করেন।
সভার শুরুতে ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার (অপারেশনস্) মোহাম্মদ শহীদুল্লাহ পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে আশুরার সার্বিক নিরাপত্তা পরিকল্পনা উপস্থাপন করেন।
উক্ত সমন্বয় সভায় নিরাপত্তা পরিকল্পনা নিখুঁত করতে আশুরা উদযাপন কমিটির আয়োজক প্রতিনিধি, বিভিন্ন গোয়েন্দা সংস্থা, স্বাস্থ্য অধিদপ্তর, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন, ঢাকা ওয়াসা এবং ফায়ার সার্ভিসের প্রতিনিধিরা অংশ নেন এবং নিজ নিজ মতামত তুলে ধরেন।
সভায় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন— ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার এস এন মো. নজরুল ইসলাম (ক্রাইম অ্যান্ড অপারেশনস), মোহাম্মদ শামসুল হক (কাউন্টার টেরোরিজম), মো. শফিকুল ইসলাম (ডিবি), মো. আবুল বাশার তালুকদার (প্রটেকশন অ্যান্ড ডিপ্লোমেটিক সিকিউরিটি), মোহাম্মদ ওসমান গণি (এস্টেট, ডেভেলপমেন্ট ও আইসিটি) সহ ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তা ও সংশ্লিষ্ট সেবামূলক প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।