রবিউল ইসলাম হৃদয়, ময়মনসিংহ
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শনে গিয়ে কয়েকজন চিকিৎসককে অনুপস্থিত পেয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল। তাঁদের ডিউটি রোস্টার যাচাই-বাছাই করে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি।
শনিবার (২৪ অক্টোবর) দুপুরে হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী বলেন, স্বাস্থ্য খাতের উন্নয়নে আগামী ১৫ থেকে ২০ দিনের মধ্যে ১৬ হাজার কোটি টাকার বেশি ব্যয়ের টেন্ডার আহ্বান করা হবে। এ ছাড়া দেশে পাঁচটি রোবটিক সার্জারি মেশিন আনা এবং পাঁচ হাজার চিকিৎসক ও ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগের পরিকল্পনা রয়েছে।
সরকারি হাসপাতালের এক কিলোমিটারের মধ্যে নতুন ক্লিনিক স্থাপনে নিষেধাজ্ঞার কথা উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, বেসরকারি ক্লিনিকের অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
এর আগে মন্ত্রী ফুলপুর ও তারাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন। এ সময় তিনি হাসপাতালগুলোর সেবার মান উন্নয়ন, চিকিৎসক নিয়োগ এবং শয্যাসংখ্যা ১৫১টিতে উন্নীত করার পরিকল্পনার কথা জানান।