মিজানুর রহমান রিপন, কলাপাড়া
পটুয়াখালীর কলাপাড়ার মহিপুরে বাল্যবিবাহ ও শিশুশ্রম প্রতিরোধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে ‘গুড ড্যাডি ক্যাম্পেইন-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। গুডনেইবারস বাংলাদেশ কলাপাড়া কমিউনিটি ডেভেলপমেন্ট প্রজেক্টের (সিডিপি) উদ্যোগে সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে মহিপুর কো-অপারেটিভ মাধ্যমিক বিদ্যালয়ের অডিটোরিয়ামে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
ক্যাম্পেইনের মূল উদ্দেশ্য ছিল বাল্যবিবাহের ক্ষতিকর দিক সম্পর্কে সচেতনতা সৃষ্টি, বাল্যবিবাহ প্রতিরোধে বাবাদের সক্রিয়ভাবে সম্পৃক্ত করা, শিশুশ্রম বন্ধে পরিবার ও সমাজকে সচেতন করা এবং শিশু অধিকার ও সংশ্লিষ্ট আইন সম্পর্কে জনসচেতনতা বাড়ানো।
অনুষ্ঠানে বক্তারা বলেন, একটি শিশুর নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে পরিবারের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। বিশেষ করে বাবারা কন্যাশিশুর শিক্ষা, স্বাস্থ্য, নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করতে সচেতন হলে সমাজ থেকে বাল্যবিবাহ অনেকাংশে দূর করা সম্ভব। বাল্যবিবাহ শিশুর শিক্ষা বন্ধের পাশাপাশি তার শারীরিক ও মানসিক বিকাশেও নেতিবাচক প্রভাব ফেলে। তাই কন্যাশিশুকে বোঝা নয়, সম্পদ হিসেবে গড়ে তোলার আহ্বান জানান তারা।
অনুষ্ঠানের শুরুতে গুডনেইবারস বাংলাদেশ কলাপাড়া সিডিপির সহকারী ব্যবস্থাপক (প্রোগ্রাম) ঝর্ণা খাতুন শুভেচ্ছা বক্তব্য দেন। তিনি শিশু অধিকার, বাল্যবিবাহের ক্ষতিকর প্রভাব, শিশুশ্রম প্রতিরোধ, সরকারি-বেসরকারি বিভিন্ন উদ্যোগ এবং কন্যাশিশুর শিক্ষার গুরুত্ব তুলে ধরেন।
অনুষ্ঠানে উপস্থিত বাবারা কন্যাশিশুর পড়াশোনা অব্যাহত রাখা এবং তাদের বাল্যবিবাহ থেকে দূরে রাখার বিষয়ে সচেতন হওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। এ সময় ‘শিশু বিবাহ না দেওয়ার অঙ্গীকারনামা’ পাঠ ও স্বাক্ষর করেন তারা। অঙ্গীকারনামায় ১৮ বছর পূর্ণ হওয়ার আগে কোনো অবস্থাতেই কন্যাসন্তানের বিয়ে না দেওয়ার প্রতিশ্রুতি দেন বাবারা।
পাশাপাশি কন্যাশিশুর শারীরিক, মানসিক, সামাজিক ও বুদ্ধিবৃত্তিক বিকাশ নিশ্চিত করা, শিক্ষা ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করা এবং তাদের স্বপ্ন পূরণে সহায়ক পরিবেশ তৈরিরও অঙ্গীকার করেন তারা।
পরে গুড ড্যাডিদের অংশগ্রহণে শপথ অনুষ্ঠিত হয়। এতে নেতৃত্ব দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মনিরুজ্জামান খান। অনুষ্ঠানে কন্যাশিশুরা তাদের বাবাদের ফুলের স্টিক দিয়ে শুভেচ্ছা জানায়।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে কন্যাশিশুর শিক্ষা, সুরক্ষা ও অধিকার নিশ্চিত করতে ইতিবাচক ভূমিকা রাখায় নির্বাচিত তিনজন ‘গুড ড্যাডি’কে পুরস্কার দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলাপাড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মনিরুজ্জামান খান। বিশেষ অতিথি ছিলেন মহিপুর সদর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও গুডনেইবারস কলাপাড়া সিডিসির সভাপতি মো. ইব্রাহীম খান, মহিপুর কো-অপারেটিভ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাণী কান্ত সিকদার, কুয়াকাটা রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও গুডনেইবারস কলাপাড়া সিডিসির সহসভাপতি মিজানুর রহমান রিপন, সিডিসির সদস্য ও সমাজসেবক আইয়ুব আকন ফিরোজ এবং সদস্য ও মহিপুর কো-অপারেটিভ মাধ্যমিক বিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক রাইসুল ইসলাম শেফার্ড।
এ ছাড়া কন্যাশিশু ও বাবাদের প্রতিনিধি এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গুডনেইবারস বাংলাদেশ কলাপাড়া সিডিপির সহকারী ব্যবস্থাপক ঝর্ণা খাতুন। সঞ্চালনা করেন সিডিপির সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার (স্বাস্থ্য) পঙ্কজ কুমার বিশ্বাস।
আয়োজকরা বলেন, বাল্যবিবাহ ও শিশুশ্রম প্রতিরোধে শুধু সরকারি উদ্যোগ যথেষ্ট নয়। পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, স্থানীয় জনপ্রতিনিধি, সামাজিক সংগঠন ও সর্বস্তরের মানুষের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। বিশেষ করে বাবাদের সচেতন ও সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে কন্যাশিশুর শিক্ষা অব্যাহত রাখা এবং তাদের নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করা সম্ভব।