অর্চিতা স্পর্শিয়া অভিনীত একক নাটক ‘পথের সাথীকে চিনে নিও’-তে জেদি এক তরুণীর চরিত্রে দেখা গেছে তাকে। নাটকের গল্পে অভাবের সঙ্গে লড়াই করতে করতে মঈন নামে এক তরুণের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ায় অর্চিতা।
দুইবার বিসিএস পরীক্ষায় ব্যর্থ হওয়ার পর মঈন আবারও প্রস্তুতি নিতে শুরু করে। অন্যদিকে অর্চিতার বিয়ে নিয়ে তোড়জোড় শুরু করেন তার বাবা। এ অবস্থায় অর্চিতা মঈনকে বিসিএসের প্রস্তুতি বাদ দিয়ে যেকোনো একটি চাকরি খুঁজে নেওয়ার জন্য জেদ ধরে। তার ধারণা, চাকরি পেলেই তারা বিয়ে করতে পারবে।
তবে মঈন এতে রাজি হয় না। একপর্যায়ে অর্চিতার জেদের কাছে হার মেনে তার বাবার সঙ্গে দেখা করতে যায় মঈন। সেখানে নিজের বিসিএস প্রস্তুতির বিষয়টি খুলে বলে। কিন্তু অর্চিতার বাবা তাকে অপমান করে বাড়ি থেকে বের করে দেন। শেষ পর্যন্ত বাধ্য হয়ে অন্য একজনকে বিয়ে করে অর্চিতা। এরপরই গল্পে একের পর এক নতুন ঘটনার জন্ম নেয়।
শাহজাহান সৌরভের গল্পে নির্মিত নাটকটি পরিচালনা করেছেন জুবায়ের ইবনে বকর। এতে অর্চিতা স্পর্শিয়ার বিপরীতে অভিনয় করেছেন মুশফিক ফারহান। বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন মিলি বাসার, জয়নাল জ্যাক, আর কে রেজা, তাসরিন জাহান স্বপ্নাসহ অনেকে।
নাটকটি দর্শকদের জন্য বাংলাভিশন ড্রামার ইউটিউব চ্যানেলে উন্মুক্ত করা হয়েছে।