সিনিয়র রিপোর্টার, ময়মনসিংহ
ময়মনসিংহের হালুয়াঘাটে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) গণসমাবেশে বিএনপির যুগ্ম মহাসচিব এমরান সালেহ প্রিন্সকে লক্ষ্য করে তীব্র আক্রমণাত্মক বক্তব্য দিয়েছেন এনসিপির কেন্দ্রীয় নেতা নাসিরউদ্দীন পাটোয়ারী। এনসিপির কর্মসূচির দিন বিএনপির পাল্টা কর্মসূচির সমালোচনা করে তিনি বলেন, “আমাদের নোয়াখালীতে দুষ্টুমি করলে বলে ‘নাডা’। সে আজকে একটা নাডামি করল—আমাদের প্রোগ্রামের দিনই সে আরেকটা প্রোগ্রাম দিচ্ছে। এমন পচা পচেছে, নষ্ট হয়ে গিয়েছে, শেষ পর্যন্ত ইলেকশনটাও জিততে পারে নাই।”
শনিবার (২৫ জুলাই) বিকেল ৪টায় এনসিপি ঘোষিত ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচির অংশ হিসেবে হালুয়াঘাট উত্তর বাজারের ধানমহাল এলাকায় এ গণসমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে নাসিরউদ্দীন পাটোয়ারী অভিযোগ করেন, আওয়ামী লীগের বহু নেতা ময়মনসিংহ সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে গেছেন। এ প্রসঙ্গে তিনি বলেন, “সীমান্তে যত আওয়ামী লীগের লোক ভারতে গিয়েছে, তার ৮০ শতাংশ লোক এই ময়মনসিংহ সীমান্ত দিয়েই গিয়েছে। আমাদের খতিয়ে দেখতে হবে এমরান সালেহ প্রিন্স এটার সঙ্গে জড়িত কি না। এ বিষয়ে ইনভেস্টিগেশন দরকার।”
তিনি আরও বলেন, “এই সীমান্ত দিয়েই ওসমান হাদির খুনি পালিয়েছে। যদি এভাবে সন্ত্রাসীরা গুলি করে সীমান্ত পার হয়ে যেতে পারে, তাহলে ময়মনসিংহ ও হালুয়াঘাটবাসীর নিরাপত্তা কোথায়? সরকারের কাছে আমরা এর জবাব চাই।”
রাজনীতির প্রসঙ্গ টেনে পাটোয়ারী বলেন, “যদি অর্জন করতে হয়, আমাদের আবার ঘুরে দাঁড়াতে হবে। কোনো জিয়া ফ্যামিলি আর শেখ ফ্যামিলির দিকে তাকানোর সময় আমাদের নেই।”
বিদেশ সফর ও রাজনৈতিক সম্পর্ক নিয়েও কড়া ভাষায় সমালোচনা করেন তিনি। তার ভাষায়, “আমাদেরকে অনেক বোঝায়—কী লাগবে তোমাদের? তোমাদের কাছে কী আছে? ভিক্ষার ঝুলি নিয়ে লন্ডন, ভারত ও চীন ঘুরেছেন, কিন্তু বাংলাদেশের মানুষকে দেওয়ার মতো আপনাদের হাতে কিছু নেই।”
এনসিপি ময়মনসিংহ জেলা শাখার আহ্বায়ক অ্যাডভোকেট এটিএম মাহবুব উল আলমের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন, উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলমসহ কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতারা। সমাবেশে বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।