নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রাম অঞ্চলে ভারী বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে সৃষ্ট আকস্মিক বন্যা পরিস্থিতির কারণে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলীয় ‘জুলাই পদযাত্রা’র সূচিতে পরিবর্তন আনা হয়েছে।
শনিবার (১১ জুলাই) সকালে দলের মিডিয়া সেল থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়।
দলটির পক্ষ থেকে বলা হয়েছে, প্রাকৃতিক দুর্যোগজনিত জনভোগান্তি ও নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে আগামীকাল রোববার (১২ জুলাই) কুমিল্লা মহানগর ও হোমনায় এবং সোমবার (১৩ জুলাই) ব্রাহ্মণবাড়িয়ার তিনটি নির্ধারিত স্থানে অনুষ্ঠিতব্য জুলাই পদযাত্রা স্থগিত করা হয়েছে।
পরিবর্তিত সূচি অনুযায়ী, মঙ্গলবার (১৪ জুলাই) বিকেল ৩টায় নারায়ণগঞ্জের সোনারগাঁও এবং সন্ধ্যা ৬টায় মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় জুলাই পদযাত্রা অনুষ্ঠিত হবে। এরপর পূর্বঘোষিত অন্যান্য কর্মসূচি যথানিয়মে চলবে বলে জানিয়েছে দলটি।
তবে শনিবারের (১১ জুলাই) নির্ধারিত কর্মসূচিতে কোনো পরিবর্তন আনা হয়নি। পূর্বঘোষিত সূচি অনুযায়ী বিকেল ৩টায় চাঁদপুর সদর, সন্ধ্যা ৬টায় মতলব উত্তর এবং উত্তরাঞ্চলীয় কর্মসূচির অংশ হিসেবে বিকেল ৩টায় রাজশাহীর গোদাগাড়ী ও সন্ধ্যা ৬টায় চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে জুলাই পদযাত্রা অনুষ্ঠিত হবে।