নিজস্ব প্রতিবেদক
ত্রয়োদশ জাতীয় সংসদের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠকে গ্রামীণ সড়ক নির্মাণের গুণগত মান ও স্থায়িত্ব নিশ্চিত করতে ঠিকাদারদের কাছ থেকে তিন বছরের ওয়ারেন্টি হিসেবে জামানত গ্রহণের সুপারিশ করা হয়েছে। একই সঙ্গে দেশের আর্সেনিকযুক্ত এলাকাগুলো চিহ্নিত করে নিরাপদ ও সুপেয় পানির ব্যবস্থা নিশ্চিত করতে প্রকল্প গ্রহণের সুপারিশ করেছে কমিটি।
রোববার (১১ অক্টোবর) সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির প্রথম বৈঠকে এসব সুপারিশ করা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি এ কে এম সেলিম রেজা হাবিব, এমপি।
বৈঠকে কমিটির সদস্য ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান, প্রতিমন্ত্রী মীর শাহে আলম, মোহাম্মদ আক্তারুজ্জামান, আলহাজ জসীম উদ্দীন আহমেদ, শেখ ফরিদ আহমেদ, সেলিনা সুলতানা, এ টি এম আজহারুল ইসলাম এবং মো. রফিকুল ইসলাম খান অংশ নেন।
বৈঠকের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত করা হয়। এরপর কমিটির সদস্যদের পরিচিতি এবং মন্ত্রণালয় ও এর আওতাধীন দপ্তর-সংস্থার প্রধানদের সঙ্গে সদস্যদের পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়। পরে মন্ত্রণালয় ও এর আওতাধীন দপ্তর-সংস্থার কার্যক্রম নিয়ে একটি উপস্থাপনা দেওয়া হয়। এ সময় সরকারের গত ১৮০ দিনে মন্ত্রণালয়ের গৃহীত বিভিন্ন কার্যক্রম সম্পর্কেও কমিটিকে অবহিত করা হয়।
বৈঠকে গ্রামীণ সড়ক নির্মাণের গুণগত মান, স্থায়িত্ব, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী ঠিকাদারদের কাছ থেকে তিন বছরের ওয়ারেন্টি হিসেবে জামানত নেওয়ার সুপারিশ করা হয়। পাশাপাশি নির্মাণকাজের তদারকি জোরদার করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালনের ওপর গুরুত্বারোপ করা হয়।
এডিস মশা নিধন ও ডেঙ্গু প্রতিরোধে নিজ নিজ এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তাদের মাধ্যমে পরিচ্ছন্নতা অভিযান তদারকি এবং জনসচেতনতা বৃদ্ধিতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার সুপারিশ করা হয়।
কমিটি কর্মকর্তাদের সততা, নিষ্ঠা, স্বজনপ্রীতিমুক্ত আচরণ ও জবাবদিহি নিশ্চিত করে দায়িত্ব পালনের ওপর গুরুত্ব দেয়। উপজেলা পর্যায়ে অনলাইনভিত্তিক হাজিরা চালুর সুপারিশও করা হয়। এ ছাড়া, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে দেশি-বিদেশি অর্থায়নে নেওয়া অপ্রয়োজনীয় প্রকল্পগুলোর অনিয়ম ও দুর্নীতি তদন্তে যথাযথ ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়।
কমিটির সভাপতি স্বাগত বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, প্রয়াত দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী শহীদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তাঁদের রুহের মাগফেরাত কামনার পাশাপাশি ২০২৪ সালের জুলাই আন্দোলনে নিহত ছাত্র-জনতাকেও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং আহতদের প্রতি সমবেদনা জানান।
বৈঠকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দুই সচিব, অতিরিক্ত সচিব ও যুগ্ম সচিব, বিভিন্ন দপ্তর ও অধিদপ্তরের প্রধান এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।