নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনের শিকার হওয়ার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ বিশ্ব আন্তপার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) কাছে যে অভিযোগ করেছিল, তদন্তে তার সত্যতা পাওয়া যায়নি বলে জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।
রোববার (১১ অক্টোবর) সকালে তানজানিয়ায় আইপিইউর কনভেনশন শেষে দেশে ফিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।
স্পিকার বলেন, গত এপ্রিলে ইস্তাম্বুলে অনুষ্ঠিত আইপিইউর ১৫২তম অধিবেশনে অংশ নিতে গিয়ে আওয়ামী লীগের নেতারা বাংলাদেশে তাদের মানবাধিকার লঙ্ঘন হচ্ছে বলে অভিযোগ করেন। ওই অভিযোগ তদন্তে আইপিইউর সদস্যরা বাংলাদেশে এসে অনুসন্ধান চালান। তদন্তে তাদের অভিযোগের সত্যতা পাওয়া যায়নি। এ ছাড়া কালো তালিকা থেকে বাংলাদেশের নাম সরিয়ে দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, আইপিইউর সদস্যরা বাংলাদেশের জনগণের ১৭ বছরের সংগ্রামের কথা শুনেছেন। এ সময় তারা মর্মাহত হয়েছেন।
বাংলাদেশের বাস্তব পরিস্থিতি তুলে ধরার কথা উল্লেখ করে স্পিকার বলেন, গত ১৬ বছরে বাংলাদেশের মানুষ কীভাবে গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছে, তা তিনি আন্তর্জাতিক প্রতিনিধিদের সামনে তুলে ধরেছেন। গণতন্ত্র প্রতিষ্ঠায় বাংলাদেশের জনগণের সংগ্রাম বিশ্ববাসীকে অভিভূত করেছে। আগের সরকারের তৈরি করা ভুল ধারণাও দূর হয়েছে।
স্পিকার জানান, ৫ থেকে ৯ অক্টোবর তানজানিয়ায় আইপিইউর কনভেনশন অনুষ্ঠিত হয়। এতে তিনি ১৩ সদস্যের বাংলাদেশি প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। অধিবেশনে বাংলাদেশ বিশ্বের বিভিন্ন দেশের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছে। কনভেনশনের ফাঁকে অস্ট্রেলিয়া, পাকিস্তান, বাহরাইন, ভুটান, কানাডা ও তুরস্কের সঙ্গে দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হয়েছে। এ ছাড়া মানবাধিকার কমিশনের সঙ্গেও বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বিভিন্ন গ্রুপের সঙ্গে সংলাপের মাধ্যমে বাংলাদেশ সাফল্য অর্জন করেছে বলে জানান তিনি।
গত ৫ অক্টোবর আইপিইউর এশিয়া-প্যাসিফিক গ্রুপের (এপিজি) চেয়ারম্যান হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। তিনি ভুটানের স্পিকার টেম্পা দর্জির কাছ থেকে এ দায়িত্ব বুঝে নেন। এশিয়া-প্যাসিফিক গ্রুপে ৩৭টি দেশ সদস্য হিসেবে রয়েছে।
একই দিনে আইপিইউর ১৫৩তম অ্যাসেম্বলিতে এশিয়া-প্যাসিফিক গ্রুপের পক্ষ থেকে নির্বাহী কমিটির সদস্য নির্বাচিত হন বাংলাদেশ জাতীয় সংসদের পররাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী, এমপি। এর মধ্য দিয়ে আন্তর্জাতিক সংসদীয় কূটনীতিতে বাংলাদেশের প্রতিনিধিত্ব আরও জোরালো হয়েছে বলে আশা করা হচ্ছে।
স্পিকারের সফরসঙ্গী হিসেবে ছিলেন জাতীয় সংসদের হুইপ মিয়া নুরুদ্দিন আহম্মেদ অপু। প্রতিনিধি দলে সংসদ সদস্য হিসেবে আরও ছিলেন সরওয়ার জামাল নিজাম, এ. ই. সুলতান মাহমুদ বাবু, মো. শামছুর রহমান শিমুল বিশ্বাস, এস কে আজিজুল বারী, হুমাম কাদের চৌধুরী, মীর আহমাদ বিন কাসেম, সানসিলা জেবরিন ও রোকেয়া বেগম।
স্পিকারের নেতৃত্বাধীন সংসদীয় প্রতিনিধি দল এবং জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভুইয়া হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে জাতীয় সংসদ সচিবালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা তাঁদের স্বাগত জানান।
আইপিইউর এশিয়া-প্যাসিফিক গ্রুপের চেয়ারম্যান হিসেবে বাংলাদেশের স্পিকারের দায়িত্ব গ্রহণ আন্তর্জাতিক সংসদীয় অঙ্গনে দেশের অবস্থান আরও সুদৃঢ় করবে বলে আশা করা হচ্ছে।