নিজস্ব প্রতিবেদক
সৌদি আরবের বিমানবন্দরসহ বিভিন্ন বেসামরিক স্থাপনায় ইয়েমেনের হুথি বিদ্রোহীদের সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ।
শুক্রবার (৯ অক্টোবর) ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ নিন্দা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বেসামরিক অবকাঠামো লক্ষ্য করে এ ধরনের হামলা আন্তর্জাতিক আইনের পরিপন্থী এবং তা নিরীহ মানুষের জীবন ও পুরো অঞ্চলের স্থিতিশীলতার জন্য চরম হুমকি।
এ সংকটে সৌদি আরবের সরকার ও জনগণের প্রতি পূর্ণ সংহতি প্রকাশ করেছে বাংলাদেশ। একই সঙ্গে হুথিদের এসব হামলা অবিলম্বে বন্ধ করার আহ্বান জানিয়েছে ঢাকা।