নিজস্ব প্রতিবেদক
প্রধানমন্ত্রী তারেক রহমান।
ছবি:
কক্সবাজারে বিশেষায়িত ‘ইউনিভার্সিটি অব ব্লু ইকোনমি সায়েন্সেস অ্যান্ড টেকনোলজি’ (ইউবিইএসটি) প্রতিষ্ঠার জন্য শিক্ষা মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদের পাঠানো একটি আধা-সরকারি পত্র পর্যালোচনার পর সম্প্রতি প্রধানমন্ত্রী এ নির্দেশনা দেন।
এর আগে গত ১৩ সেপ্টেম্বর স্বরাষ্ট্রমন্ত্রী পাঠানো চিঠিতে উল্লেখ করেন, বঙ্গোপসাগর ও উপকূলীয় অঞ্চলের বিপুল সম্ভাবনাময় সামুদ্রিক সম্পদ কাজে লাগাতে দেশে বিশেষায়িত উচ্চশিক্ষা, গবেষণা ও দক্ষ মানবসম্পদের ঘাটতি রয়েছে। এ অবস্থায় কক্সবাজারে একটি বিশেষায়িত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা জাতীয় স্বার্থে অত্যন্ত গুরুত্বপূর্ণ।
চিঠিতে বলা হয়, নতুন করে একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করতে দীর্ঘ সময় ও বিপুল অর্থের প্রয়োজন হয়। তাই দ্রুত শিক্ষা কার্যক্রম শুরু করতে কক্সবাজারে অবস্থিত বাংলাদেশ ওশেনোগ্রাফিক রিসার্চ ইনস্টিটিউটের (বিওআরআই) বিদ্যমান অবকাঠামো, গবেষণাগার ও বৈজ্ঞানিক জনবল ব্যবহারের প্রস্তাব দেওয়া হয়েছে।
বিওআরআইয়ের বিদ্যমান সুযোগ-সুবিধা কাজে লাগিয়ে প্রাথমিক পর্যায়ে সমুদ্রবিজ্ঞান, মৎস্য ও অ্যাকুয়াকালচার, সামুদ্রিক পরিবেশ, উপকূলীয় সম্পদ ব্যবস্থাপনা, ব্লু ইকোনমি, সামুদ্রিক তথ্য-উপাত্ত এবং পর্যটন ও আতিথেয়তা বিষয়ে পাঠদান ও গবেষণা কার্যক্রম চালু করা সম্ভব বলে চিঠিতে উল্লেখ করা হয়।
সংশ্লিষ্টরা মনে করছেন, প্রস্তাবিত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হলে দেশের সামুদ্রিক সম্পদ ব্যবস্থাপনা, গবেষণা ও দক্ষ মানবসম্পদ উন্নয়নে নতুন সুযোগ সৃষ্টি হবে।