নিজস্ব প্রতিবেদক
দেশের ২৩তম রাষ্ট্রপতিকে শপথবাক্য পাঠ করাবেন জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। বর্তমান স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে থাকায় নতুন রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকেই সাংবিধানিকভাবে উপযুক্ত কর্তৃপক্ষ হিসেবে বিবেচনা করেছে আইন মন্ত্রণালয়।
মন্ত্রিপরিষদ বিভাগ এ বিষয়ে আইনি ব্যাখ্যা চাইলে বৃহস্পতিবার আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় তাদের মতামত জানায়। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব এ এ আউয়াল।
তিনি বলেন, ‘আমরা সংশ্লিষ্ট বিভাগকে এ ব্যাপারে মতামত দিয়ে বলেছি ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল শপথ বাক্য পাঠ করালে আইনের কোনো ব্যত্যয় ঘটবে না।’
আইন মন্ত্রণালয়ের মতামতে বলা হয়েছে, সংবিধানের ৫৪ অনুচ্ছেদ অনুযায়ী বর্তমান স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন। এ কারণে সংবিধানের ৭৪(৩) অনুচ্ছেদ অনুযায়ী স্পিকারের দায়িত্ব ডেপুটি স্পিকার পালন করছেন।
মন্ত্রণালয়ের ব্যাখ্যায় আরও বলা হয়েছে, বর্তমান পরিস্থিতিতে সংবিধান অনুযায়ী ডেপুটি স্পিকার যেহেতু স্পিকারের সব দায়িত্ব পালন করছেন, তাই নবনির্বাচিত রাষ্ট্রপতিকে শপথ পড়ানোর ক্ষেত্রেও তিনি সাংবিধানিকভাবে যথাযথ কর্তৃপক্ষ।
এদিকে বৃহস্পতিবার দুপুর ২টা থেকে জাতীয় সংসদে ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। সংসদ সদস্যরা বিকেল ৫টা পর্যন্ত ভোট দেওয়ার সুযোগ পাবেন।
ভোট শেষে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর আগামীকাল শুক্রবার (২১ আগস্ট) তাঁর শপথ গ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।