নিজস্ব প্রতিবেদক
সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
ছবি:
রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগের আনুষ্ঠানিকতা শেষে সরকারি বাসভবন বঙ্গভবন ছেড়ে রাজধানীর গুলশানে নিজ বাসভবন ‘গ্রিন ভিলা’য় উঠেছেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
রোববার (২৬ জুলাই) দুপুর ২টা ২৫ মিনিটে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে বঙ্গভবন ত্যাগ করেন তিনি। পরে বিকেল ৩টার দিকে গুলশান-১-এর ১২৩ নম্বর সড়কে অবস্থিত তার নিজস্ব বাসভবন ‘গ্রিন ভিলা’য় পৌঁছান।
এর আগে শুক্রবার (২৪ জুলাই) শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেন মো. সাহাবুদ্দিন। সংবিধান অনুযায়ী তিনি পাঁচ বছরের জন্য রাষ্ট্রপতি নির্বাচিত হলেও প্রায় তিন বছর তিন মাস দায়িত্ব পালন শেষে পদত্যাগ করেন। বঙ্গভবন ত্যাগের মধ্য দিয়ে রাষ্ট্রীয় বাসভবনে তার অবস্থানের আনুষ্ঠানিক সমাপ্তি হলো।
মো. সাহাবুদ্দিন ২০২৩ সালের ২৪ এপ্রিল বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। পদত্যাগের পর জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।