নিজস্ব প্রতিবেদক
ভোক্তাপর্যায়ে বেসরকারি তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) পাশাপাশি যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসের দামও বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নভেম্বর মাসের জন্য ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২ হাজার ৬০ টাকা নির্ধারণ করা হয়েছে। একই সঙ্গে অটোগ্যাসের দাম প্রতি লিটার ৯১ টাকা ৯৫ পয়সা নির্ধারণ করা হয়েছে।
সোমবার রাতে বিইআরসির এক বিজ্ঞপ্তিতে নতুন এ মূল্য ঘোষণা করা হয়। নির্ধারিত দাম আজ সোমবার রাত ৮টা থেকে কার্যকর হবে।
গত মাসে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ছিল ১ হাজার ৮৩৭ টাকা। অর্থাৎ এক মাসের ব্যবধানে সিলিন্ডারপ্রতি দাম বেড়েছে ২২৩ টাকা।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নভেম্বর মাসের জন্য সৌদি আরামকো ঘোষিত প্রোপেন ও বিউটেনের চুক্তিমূল্য (সৌদি সিপি) বৃদ্ধির কারণে এলপিজির দাম সমন্বয় করা হয়েছে।
বিইআরসির নির্ধারণ অনুযায়ী, বেসরকারি এলপিজির দাম প্রতি কেজি ১৭১ টাকা ৬৮ পয়সা। সে হিসাবে ১২ কেজির সিলিন্ডারের দাম দাঁড়িয়েছে ২ হাজার ৬০ টাকা।
কমিশনের তথ্য অনুযায়ী, শুধু সৌদি সিপি বৃদ্ধির কারণে গত মাসের তুলনায় ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম মূসকসহ প্রায় ৭৪ টাকা বেড়েছে।