নিজস্ব প্রতিবেদক
প্রধানমন্ত্রী তারেক রহমান।
ছবি:
জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বাংলাদেশের অভিজ্ঞতা, সাফল্য ও ভবিষ্যৎ করণীয় আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরতে তুরস্কে অনুষ্ঠিতব্য কপ-৩১ সম্মেলনে অংশ নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সম্মেলনের উচ্চপর্যায়ের দুই দিনের অধিবেশনে যোগ দিতে স্বল্প সময়ের জন্য তুরস্ক সফর করবেন তিনি।
সোমবার (২ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
তিনি বলেন, এবারের সম্মেলনে বাংলাদেশ দুটি বিষয়কে বিশেষ গুরুত্ব দেবে। প্রথমত, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং জলবায়ু সহনশীলতা অর্জনে বাংলাদেশসহ এ অঞ্চলের মানুষের অভিজ্ঞতা ও সাফল্য তুলে ধরা হবে। দ্বিতীয়ত, বাংলাদেশের মতো জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর ভবিষ্যতে জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবিলায় আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছ থেকে কী ধরনের সহযোগিতা প্রয়োজন, তা তুলে ধরা হবে।
এ ছাড়া জলবায়ু তহবিল ঋণ হিসেবে নয়, অনুদান হিসেবে দেওয়ার দাবিও সম্মেলনে জানাবে বাংলাদেশ।
প্রধানমন্ত্রীর সফরের সময়সূচি ও সম্মেলনে বাংলাদেশের অবস্থান সম্পর্কে জানতে চাইলে শামা ওবায়েদ বলেন, প্রধানমন্ত্রীর প্রতিটি বিদেশ সফরের আগে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত জানানো হয়। এবারও এর ব্যতিক্রম হবে না।
আগামী ৯ থেকে ২০ নভেম্বর তুরস্কে জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ-৩১ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এতে অংশ নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।