স্টাফ করেসপন্ডেন্ট
যমুনা ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন ব্যাংকটির অন্যতম স্পন্সর পরিচালক মো. মাহমুদুল হক।
গত ২৮ অক্টোবর অনুষ্ঠিত ব্যাংকের ৪৮৬তম পরিচালনা পর্ষদ সভায় সর্বসম্মতিক্রমে তাঁকে চেয়ারম্যান নির্বাচিত করা হয়।
চেয়ারম্যান নির্বাচিত হওয়ার আগে মাহমুদুল হক ব্যাংকের পরিচালনা পর্ষদের নির্বাহী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। এর আগে ২০১২ সালেও তিনি ব্যাংকটির চেয়ারম্যান ছিলেন।
মাহমুদুল হকের প্রায় চার দশকের ব্যবসায়িক অভিজ্ঞতা রয়েছে। বস্ত্র ও তৈরি পোশাকশিল্প, বিদ্যুৎ উৎপাদন, ব্যাংকিং, শিক্ষা ও আবাসনসহ বিভিন্ন খাতে তাঁর ব্যবসায়িক কার্যক্রম বিস্তৃত। ১৯৯৪ সালে তিনি আনলিমা ইয়ার্ন ডাইং লিমিটেড প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠানটি দেশের উভয় স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত। তাঁর নেতৃত্বে আনলিমা গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠানগুলো পরিচালিত হচ্ছে।
ব্যবসায়িক কর্মকাণ্ডের পাশাপাশি বিভিন্ন সামাজিক সংগঠন ও দাতব্য কার্যক্রমের মাধ্যমে সামাজিক উন্নয়নেও ভূমিকা রাখছেন মাহমুদুল হক।
তিনি চট্টগ্রাম জেলার একটি মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর স্ত্রী হুব্বুন নাহার হক যমুনা ব্যাংকের একজন স্পন্সর শেয়ারহোল্ডার। তাঁদের এক ছেলে ও এক মেয়ে রয়েছে।