ভোলা দক্ষিণ প্রতিনিধি
‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যে ভোলার চরফ্যাশনে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে।
রোববার (১ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে উপজেলা প্রশাসন মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়।
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা টি. এস. এম. ফিদা হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুমানা আফরোজ।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, যুবসমাজ দেশের সবচেয়ে বড় শক্তি ও সম্ভাবনার উৎস। দেশের উন্নয়ন ও অগ্রগতিতে যুবকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তাই দক্ষতা উন্নয়ন, কারিগরি প্রশিক্ষণ ও আত্মকর্মসংস্থানের মাধ্যমে যুবকদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। পাশাপাশি মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে থেকে দেশ গঠনে সম্পৃক্ত হওয়ার জন্য যুবসমাজের প্রতি আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা আজাদ শরীফ, চরফ্যাশন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব কামরুজ্জামান শাহীন ও কোস্ট ফাউন্ডেশনের সহকারী পরিচালক রাশেদা বেগম। এ ছাড়া বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে যুবকদের কর্মসংস্থান ও আত্মনির্ভরশীলতা বাড়াতে যুব ঋণের চেক বিতরণ করা হয়।
আয়োজকরা জানান, জাতীয় যুব দিবস উপলক্ষে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ, যুব প্রশিক্ষণ, খেলাধুলাসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হবে। এসব উদ্যোগের মাধ্যমে যুবসমাজকে দক্ষ, প্রশিক্ষিত ও আত্মনির্ভরশীল হিসেবে গড়ে তোলার লক্ষ্য নেওয়া হয়েছে।