প্রিয় তারকার প্রতি ভালোবাসা প্রকাশ করতে ভক্তদের নানা কাণ্ড প্রায়ই আলোচনায় আসে। এবার এমনই এক ঘটনায় নজর কেড়েছেন বলিউড অভিনেত্রী ও গায়িকা শাহনাজ গিলের এক অনুরাগী। প্রিয় অভিনেত্রীর মুখের ছবি নিজের বুকে ট্যাটু করিয়েছেন তিনি। সেই ট্যাটু শাহনাজকে দেখাতেই অবাক হয়ে যান অভিনেত্রী।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, এক ভক্তের সঙ্গে পাঞ্জাবি ভাষায় কথা বলছেন শাহনাজ। একপর্যায়ে তাঁর চোখ পড়ে ওই ব্যক্তির বুকের ট্যাটুর দিকে। বিষয়টি দেখে বিস্মিত হয়ে শাহনাজ জানতে চান, কেন তিনি এমন ট্যাটু করিয়েছেন।
জবাবে ওই ব্যক্তি জানান, তিনি শাহনাজের ভক্ত। তাঁর প্রতি ভালোবাসা থেকেই শরীরে অভিনেত্রীর ছবি ট্যাটু করেছেন। ভক্তের কথা শুনে শাহনাজও তাঁর আবেগ বুঝতে পারেন। পরে তাঁকে ধন্যবাদ জানান অভিনেত্রী এবং সৌজন্য হিসেবে তাঁর হাত ধরেন।
ভিডিওটি ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে নানা আলোচনা। অনেকেই ভক্তের এমন ভালোবাসার প্রশংসা করেছেন। আবার কেউ কেউ দাবি করেছেন, এর আগেও ওই ব্যক্তি শরীরে শাহনাজের ট্যাটু করিয়েছিলেন। তখন অভিনেত্রী তাঁকে হৃদয়ের কাছাকাছি আর ট্যাটু না করার পরামর্শ দিয়েছিলেন বলেও মন্তব্য করেছেন এক নেটাগরিক।
অন্যদিকে, শাহনাজের নিজের ট্যাটু নিয়েও মন্তব্য করেছেন অনেকে। একসময় কর্ণ আউজলার ট্যাটু করেছিলেন অভিনেত্রী। সেই প্রসঙ্গ টেনে কেউ কেউ বলছেন, একসময়ের অনুরাগী শাহনাজ এবার নিজেই অন্য কারও অনুপ্রেরণা হয়ে উঠেছেন।
এদিকে শাহনাজ গিল অভিনীত ‘সিং ভার্সেস কৌর ২’ গত ১১ সেপ্টেম্বর মুক্তি পেয়েছে। মুক্তির প্রথম দিনে ছবিটি ভারতের বক্স অফিসে প্রায় ৩৫ লাখ রুপি আয় করেছে বলে জানা গেছে। সামনে সপ্তাহান্তে ছবিটির ব্যবসা কোন দিকে যায়, এখন সেটিই দেখার বিষয়। পাশাপাশি আরও কয়েকটি পাঞ্জাবি ও হিন্দি সিনেমার কাজ রয়েছে অভিনেত্রীর হাতে।