বিনোদন ডেস্ক
বলিউডের মডেল-অভিনেত্রী মালাইকা অরোরার ফিটনেস নিয়ে সামাজিক মাধ্যমে নেটিজেনদের মধ্যে বেশ আলোচনা হয়। বয়স বাড়লেও তার ফিটনেস ও আকর্ষণীয় শারীরিক গঠন বরাবরই ভক্তদের নজর কাড়ে। এমন ফিটনেস ধরে রাখতে কী ধরনের ব্যায়াম করা যায়, সেটিই এবার নিজেই শিখিয়ে দিলেন অভিনেত্রী।
অনেকেই নিয়মিত ব্যায়াম করেও পেটের মেদ কমাতে পারেন না। বরং ভুঁড়ি দিন দিন বাড়তে থাকে। পূজার আগে ওজন কমাতে কেউ কেউ কঠোর ডায়েট শুরু করেছেন, আবার কেউ একবেলা না খেয়ে ওজন কমানোর চেষ্টা করছেন। তবে পছন্দমতো খাওয়া-দাওয়া করেও ওজন নিয়ন্ত্রণে রাখতে চাইলে নিয়মিত ব্যায়ামের বিকল্প নেই।
সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে প্রায়ই বিভিন্ন ধরনের ব্যায়ামের পদ্ধতি শেয়ার করেন মালাইকা অরোরা। তার ফিটনেস নিয়ে আলোচনা রয়েছে সর্বত্র। এবার পেট, কোমর ও নিতম্বের মেদ কমানোর জন্য কয়েকটি ব্যায়ামের পদ্ধতি দেখিয়েছেন তিনি।
মালাইকার মতে, ৪০ পেরোনোর পর অনেকের পক্ষেই জিমে গিয়ে ভারী যন্ত্রপাতি নিয়ে ব্যায়াম করা সম্ভব হয় না। সেক্ষেত্রে যোগাসন হতে পারে ভালো বিকল্প। সঠিক নিয়মে নিয়মিত অভ্যাস করলে শরীরের বাড়তি মেদ কমানোর পাশাপাশি পিঠ ও কোমরের পেশির জড়তাও দূর হতে পারে।
পূজার আগে শরীরকে ছিপছিপে রাখতে মালাইকার দেখানো ব্যায়ামগুলো জেনে নেওয়া যাক—
কপোতাসন
প্রথমে ম্যাটের ওপর হামাগুড়ি দেওয়ার ভঙ্গিতে বসুন। এরপর ডান হাঁটু ভাঁজ করে বাঁ হাতের পাশ দিয়ে সামনে প্রসারিত করুন। বাঁ পা পেছনের দিকে ঠেলে দিন। দুই হাতের তালু মাটিতে রাখুন। ঘাড়, পিঠ ও কোমর টানটান রাখুন। এ অবস্থানে ১০ সেকেন্ড থাকুন।
এরপর বাঁ হাঁটু ভাঁজ করে কোমরের কাছাকাছি টেনে আনার চেষ্টা করুন। দুই হাত মাটি থেকে তুলে মাথার পেছনে নিয়ে যেতে হবে। বাঁ পায়ের পাতা ও ডান হাতের কনুই একে অপরকে স্পর্শ করবে।
শলভাসন
প্রথমে উপুড় হয়ে ম্যাটের ওপর শুয়ে দুই পা একসঙ্গে টানটান করে রাখুন। দুই হাত রাখুন দুই ঊরুর নিচে। ধীরে ধীরে শ্বাস নিতে নিতে বাঁ পা ওপরের দিকে তুলুন। খেয়াল রাখতে হবে, হাঁটু যেন ভাঁজ না হয়। ডান পা টানটান থাকবে।
এ অবস্থানে পাঁচ সেকেন্ড থাকুন। এরপর শ্বাস ছাড়তে ছাড়তে পা নিচে নামিয়ে আনুন। একইভাবে শ্বাস নিতে নিতে এবার দুই পা ওপরের দিকে তুলুন। পাঁচ সেকেন্ড ধরে রেখে আবার শুরুর অবস্থানে ফিরে আসুন। এভাবে তিন সেট অনুশীলন করতে হবে।
সিটেড হিপ রোটেশন
ম্যাটের ওপর পা ছড়িয়ে সোজা হয়ে বসুন। স্বাভাবিকভাবে শ্বাস-প্রশ্বাস নিতে থাকুন। হাঁটু সামান্য ভাঁজ করুন। এরপর নিতম্বের ওপর ভর দিয়ে পা ও কোমর ধীরে ধীরে বৃত্তাকারে ঘোরাতে হবে।
এ সময় মেরুদণ্ড যতটা সম্ভব সোজা রাখার চেষ্টা করুন। নিয়মিত এই ব্যায়াম করলে নিতম্বের মেদ কমানোর পাশাপাশি কাফ মাসলের ব্যায়াম হবে এবং শরীরের নিম্নাংশের পেশির শক্তিও বাড়বে।