নিজস্ব প্রতিবেদক
বৈশ্বিক করপোরেট নবায়নযোগ্য জ্বালানি উদ্যোগ RE100-এর সদস্য হয়েছে আকিজবশির গ্রুপ। এর মাধ্যমে বাংলাদেশ থেকে প্রথম কোনো প্রতিষ্ঠান হিসেবে এই আন্তর্জাতিক উদ্যোগে যুক্ত হলো শিল্পগোষ্ঠীটি। ১০০ শতাংশ নবায়নযোগ্য বিদ্যুৎ ব্যবহারে বৈশ্বিক পর্যায়ে করপোরেট প্রতিশ্রুতি জোরদার করার পাশাপাশি সৌরবিদ্যুৎ, জ্বালানি দক্ষতা ও সম্পদ পুনরুদ্ধারে গ্রুপটির চলমান কার্যক্রমও আরও বিস্তৃত হচ্ছে।
আন্তর্জাতিক অলাভজনক সংস্থা ক্লাইমেট গ্রুপের নেতৃত্বে পরিচালিত RE100 বিশ্বের ব্যবসা প্রতিষ্ঠান ও সরকারকে পরিচ্ছন্ন ও টেকসই অর্থনীতিতে রূপান্তরের গতি বাড়াতে কাজ করে। বর্তমানে বিশ্বের ৪০০টির বেশি প্রতিষ্ঠান এই উদ্যোগের সঙ্গে যুক্ত। সদস্য প্রতিষ্ঠানগুলো সর্বোচ্চ ২০৫০ সালের মধ্যে তাদের ব্যবহৃত বিদ্যুতের ১০০ শতাংশ নবায়নযোগ্য উৎস থেকে সংগ্রহের প্রতিশ্রুতি দিয়েছে। সদস্যদের অগ্রগতি প্রতিবছর প্রকাশ করা হয় এবং RE100-এর কারিগরি মানদণ্ড অনুযায়ী নবায়নযোগ্য বিদ্যুৎ ব্যবহারের দাবি যাচাই করা হয়।
বহুমুখী শিল্পগোষ্ঠী হিসেবে আকিজবশির গ্রুপের জন্য RE100 বৈশ্বিকভাবে স্বীকৃত একটি কাঠামো তৈরি করবে, যার মাধ্যমে নবায়নযোগ্য জ্বালানিতে তাদের অগ্রযাত্রাকে আরও সুশৃঙ্খল, পরিমাপযোগ্য ও স্বচ্ছ করা সম্ভব হবে। পাশাপাশি আন্তর্জাতিক মানদণ্ডের সঙ্গে অগ্রগতি তুলনা, নবায়নযোগ্য বিদ্যুৎ সংগ্রহে জবাবদিহি এবং বৈশ্বিক ক্রেতা ও অংশীদারদের কাছে বিশ্বাসযোগ্যতা বাড়ানোর সুযোগ তৈরি হবে।
আকিজবশির গ্রুপ জানায়, RE100-এ যুক্ত হওয়ার প্রতিশ্রুতির ভিত্তি তৈরি হয়েছে তাদের চলমান নবায়নযোগ্য জ্বালানি ও জ্বালানি দক্ষতা বৃদ্ধির বিভিন্ন বিনিয়োগের ওপর। গ্রুপটির পার্টিকেল বোর্ড, সিরামিক, গ্লাসসহ বিভিন্ন উৎপাদন কারখানায় প্রায় ৯০ মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদন সক্ষমতা গড়ে উঠেছে। নবায়নযোগ্য জ্বালানির এই সক্ষমতা আরও বাড়ানোর কাজ চলছে।
ময়মনসিংহের ত্রিশালে আকিজ সিরামিকসে ২৪.৩৯ মেগাওয়াট পিক ক্ষমতার ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ প্রকল্প থেকে বছরে প্রায় ২৮ হাজার ৫০ মেগাওয়াট-ঘণ্টা বিদ্যুৎ উৎপাদনের প্রত্যাশা করা হচ্ছে। এতে প্রতিবছর প্রায় ২২ হাজার ৪৪০ টন কার্বন ডাই-অক্সাইড নিঃসরণ কমবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। মোট সক্ষমতার মধ্যে ১০ মেগাওয়াট জাতীয় গ্রিডে নেট মিটারিংয়ের মাধ্যমে যুক্ত হয়েছে।
হবিগঞ্জে আকিজবশির গ্লাসে স্থাপন করা হয়েছে ১৮.২ মেগাওয়াটের ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা, যার সঙ্গে ব্যাটারি শক্তি সংরক্ষণ ব্যবস্থাও রয়েছে। ফলে দিনের আলো না থাকলেও সৌরবিদ্যুৎ ব্যবহারের সুযোগ তৈরি হয়েছে এবং লোডশেডিংয়ের প্রভাব কমাতে সহায়তা করছে। কারখানাটিতে সৌরবিদ্যুতের পাশাপাশি বর্জ্য তাপ পুনরুদ্ধার করে স্টিম টারবাইনের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে। আকিজবশির গ্রুপের দাবি, এই কারখানার মোট ব্যবহৃত জ্বালানির ৭১ শতাংশ নবায়নযোগ্য উৎস থেকে আসে।
জানতা জুট মিলসে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থার মাধ্যমে কারখানাটির সম্পূর্ণ বিদ্যুতের চাহিদা পূরণ করা হচ্ছে। ব্যাটারি সংরক্ষণ ব্যবস্থা থাকায় দিনের বাইরে সময়েও নবায়নযোগ্য বিদ্যুৎ ব্যবহারের সুযোগ রয়েছে। অন্যদিকে আকিজ পার্টিকেল বোর্ড মিলসে ৮.১ মেগাওয়াট পিক ক্ষমতার ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপন করা হয়েছে। এটি বছরে প্রায় ৯৩ লাখ কিলোওয়াট-ঘণ্টা পরিচ্ছন্ন বিদ্যুৎ উৎপাদন করবে এবং প্রায় ৭ হাজার ৪৫২ টন কার্বন ডাই-অক্সাইড নিঃসরণ এড়াতে সক্ষম হবে বলে আশা করা হচ্ছে।
নবায়নযোগ্য জ্বালানির পাশাপাশি জ্বালানি দক্ষতা ও সম্পদ সংরক্ষণেও বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। আকিজবশির গ্রুপ ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেডের (আইডিসিওএল) সঙ্গে একাধিক নবায়নযোগ্য জ্বালানি ও জ্বালানি দক্ষতা প্রকল্পে কাজ করেছে। একই সঙ্গে বর্জ্য তাপ পুনরুদ্ধার, পানি পুনর্ব্যবহার, নেট মিটারিং এবং আরও দক্ষ উৎপাদন প্রযুক্তি ব্যবহারের উদ্যোগও নেওয়া হচ্ছে।
আকিজবশির গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শেখ বশির উদ্দিন বলেন, “RE100-এ যোগ দেওয়া আকিজবশির গ্রুপের জন্য শুধু নবায়নযোগ্য জ্বালানির প্রতিশ্রুতি নয়; এটি কীভাবে আমরা আমাদের ব্যবসা পরিচালনা করব এবং টেকসই প্রবৃদ্ধি নিশ্চিত করব, সেই পরিবর্তনের দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। বাংলাদেশ থেকে প্রথম প্রতিষ্ঠান হিসেবে এই বৈশ্বিক উদ্যোগে যুক্ত হতে পেরে আমরা গর্বিত। ১০০ শতাংশ নবায়নযোগ্য বিদ্যুৎ ব্যবহারের লক্ষ্যে এটি আমাদের অগ্রণী পদক্ষেপ।”
তিনি বলেন, ভবিষ্যতের ব্যবসা প্রবৃদ্ধি ও দায়িত্বশীলতার সমন্বয়ের ওপর ভিত্তি করে গড়ে উঠতে হবে। এই প্রতিশ্রুতির মাধ্যমে বাংলাদেশকে আরও পরিচ্ছন্ন ও স্থিতিশীল জ্বালানি ভবিষ্যতের দিকে এগিয়ে নিতে এবং অন্যান্য প্রতিষ্ঠান ও শিল্পখাতকে নবায়নযোগ্য জ্বালানিতে দ্রুত রূপান্তরে উৎসাহিত করতে চান তারা।
আকিজবশির গ্রুপ জানিয়েছে, শিল্প প্রবৃদ্ধির জ্বালানি কাঠামোতে ধীরে ধীরে পরিবর্তন আনার পাশাপাশি বাংলাদেশের জন্য আরও পরিচ্ছন্ন ও স্থিতিশীল জ্বালানি ভবিষ্যৎ গড়ে তোলার প্রচেষ্টা অব্যাহত থাকবে।
আকিজবশির গ্রুপ সম্পর্কে
আকিজবশির গ্রুপ বাংলাদেশের একটি বহুমুখী শিল্পগোষ্ঠী। সিরামিক, গ্লাস, পাট, টেবিলওয়্যার, বাথওয়্যার, কেবলস, বিআইএএক্স ফিল্ম, দরজা, স্টিল বিল্ডিং ও বোর্ডসহ বিভিন্ন শিল্পে প্রতিষ্ঠানটির কার্যক্রম রয়েছে। মান, উদ্ভাবন ও টেকসই প্রবৃদ্ধির ওপর গুরুত্ব দিয়ে গ্রুপটি উন্নত প্রযুক্তি, দায়িত্বশীল উৎপাদন ও নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ করে যাচ্ছে।