নিজস্ব প্রতিবেদক
অবৈধভাবে যুক্তরাষ্ট্রে অবস্থানের অভিযোগে আরও ২৩ জন বাংলাদেশি নাগরিককে দেশে ফেরত পাঠিয়েছে মার্কিন প্রশাসন। বৃহস্পতিবার (৩০ জুলাই) ভোরে ‘অমনি এয়ার’-এর একটি বিশেষ ফ্লাইটে তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, দেশে ফিরে আসা এসব বাংলাদেশি ২০১৪ সালের বিভিন্ন সময়ে উন্নত কর্মসংস্থানের আশায় ওয়ার্ক পারমিট ভিসায় বাংলাদেশ ত্যাগ করেন। পরবর্তী সময়ে তারা দুবাই, কাতার, দক্ষিণ আফ্রিকা, ব্রাজিল ও পেরুসহ বিভিন্ন দেশে অবস্থানের পর সীমান্ত অতিক্রম করে অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেন।
পরে বৈধ অভিবাসন-সংক্রান্ত শর্ত পূরণে ব্যর্থ হওয়া এবং মার্কিন অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগে যুক্তরাষ্ট্রের অভিবাসন কর্তৃপক্ষ তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর বিশেষ ফ্লাইটে তাদের বাংলাদেশে ফেরত পাঠানো হয়।
বিমানবন্দরে পৌঁছানোর পর বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক প্রত্যেক প্রত্যাবাসিত ব্যক্তিকে ৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করে। এছাড়া তাদের জন্য হালকা খাবারের ব্যবস্থাও করা হয়।
ইমিগ্রেশনসহ প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করার পর বৃহস্পতিবার দুপুর ১টা ৩০ মিনিটের দিকে তারা বিমানবন্দর ত্যাগ করেন।
সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রে অভিবাসন আইন কঠোরভাবে প্রয়োগের অংশ হিসেবে বিভিন্ন দেশের অবৈধ অভিবাসীদের নিজ নিজ দেশে ফেরত পাঠানোর কার্যক্রম জোরদার করেছে মার্কিন প্রশাসন। বাংলাদেশও সেই প্রক্রিয়ার আওতায় থাকা দেশগুলোর একটি।