নিজস্ব প্রতিবেদক
প্রতিবন্ধী ব্যক্তিদের কর্মসংস্থান ও সমাজের মূলধারায় সম্পৃক্ত করার উদ্যোগের অংশ হিসেবে তিনজন প্রতিবন্ধী ব্যক্তির হাতে সরাসরি নিয়োগপত্র তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার (৩০ জুলাই) সকালে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের নিজ কার্যালয়ে প্রবেশের সময় তিনি তাদের হাতে নিয়োগপত্র হস্তান্তর করেন। বিষয়টি নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি হাসান শিপলু।
নিয়োগপ্রাপ্ত তিনজন হলেন গাইবান্ধার সাঘাটা উপজেলার আয়শা আক্তার, সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার নীলা খাতুন এবং নড়াইল সদর উপজেলার হাসমত আলী।
প্রধানমন্ত্রীর কাছ থেকে সরাসরি নিয়োগপত্র পেয়ে তারা আনন্দ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। তাদের জন্য এটি শুধু চাকরি পাওয়ার মুহূর্ত নয়, বরং আত্মনির্ভরশীল জীবন গড়ার পথে এক নতুন অধ্যায়ের সূচনা।
শারীরিক প্রতিবন্ধী আয়শা আক্তার ও নীলা খাতুন—দুজনই জন্মগতভাবে দুই হাত ছাড়া জন্মগ্রহণ করেন। শারীরিক সীমাবদ্ধতাকে জয় করে তারা পা দিয়ে লিখেই স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন।
নীলা খাতুনকে রাজধানীর মিরপুরে অবস্থিত জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনে শিক্ষক পদে নিয়োগ দেওয়া হয়েছে।
অন্যদিকে আয়শা আক্তারও পা দিয়ে লেখাপড়া সম্পন্ন করে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। দুই হাত না থাকায় তিনি মুখ দিয়ে প্রধানমন্ত্রীর কাছ থেকে নিয়োগপত্র গ্রহণ করেন। তাকে গাইবান্ধার বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজে ক্লাস সুপারভাইজার পদে নিয়োগ দেওয়া হয়েছে।
এদিকে দৃষ্টিপ্রতিবন্ধী হাসমত আলীকে সমাজসেবা অধিদপ্তরের অধীনে ইউনিয়ন সমাজকর্মী পদে নিয়োগ দেওয়া হয়েছে।
নিয়োগপত্র প্রদান অনুষ্ঠানে সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন, সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল, সমাজকল্যাণ সচিব ড. মোহাম্মদ আবু ইউছুফ, বাংলাদেশ প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক তরিকুল আলম এবং সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক শাহ মোহাম্মদ মাহবুব উপস্থিত ছিলেন।