নিজস্ব প্রতিবেদক
জনগণকে মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার সরকারের প্রতিশ্রুতি বাস্তবায়নে নিরলসভাবে কাজ চলছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
মঙ্গলবার (৭ জুলাই) রাজধানীর একটি হোটেলে ‘বাংলাদেশে স্বাস্থ্যখাতে উদ্যোক্তা হওয়ার পথ’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
অর্থমন্ত্রী বলেন, “জনগণকে উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার যে প্রতিশ্রুতি সরকার দিয়েছে, তা বাস্তবায়নে আমরা কাজ করছি। দেশের নেতৃত্ব উন্নয়নের পথ দেখাচ্ছে। আমাদের একজন নেতা আছেন, যিনি দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। আমরা এখন সপ্তাহের সাত দিনই কাজ করছি।”
তিনি বলেন, স্বাস্থ্যখাতে বিনিয়োগ বাড়াতে সরকার বেসরকারি উদ্যোক্তাদের উৎসাহিত করছে। বাংলাদেশে দক্ষ উদ্যোক্তার অভাব নেই। উপযুক্ত পরিবেশ ও কার্যকর নীতিমালা নিশ্চিত করা গেলে দেশের উদ্যোক্তারাও আন্তর্জাতিক মানের সফলতা অর্জন করতে পারবেন।
চিকিৎসা সরঞ্জাম উৎপাদন শিল্পের প্রসঙ্গ তুলে অর্থমন্ত্রী বলেন, এ খাতে বিনিয়োগ বাড়াতে চলতি অর্থবছরের বাজেটে বিভিন্ন সুযোগ-সুবিধা ও প্রণোদনা রাখা হয়েছে। সরকারের লক্ষ্য স্বাস্থ্যসেবা খাতকে আরও শক্তিশালী ও আধুনিক করে তোলা।
তিনি আরও বলেন, উন্নত স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে সরকারি ও বেসরকারি খাতের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। এ ক্ষেত্রে বিনিয়োগ, দক্ষতা ও কার্যকর নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।