নিজস্ব প্রতিবেদক
দেশের স্টার্টআপ ও ভেঞ্চার ক্যাপিটাল খাতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বাড়ানোর লক্ষ্য নিয়ে গঠিত বাংলাদেশ স্টার্টআপ ইনভেস্টমেন্ট কোম্পানি (বিএসআইসি) পিএলসি’র প্রথম ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে নিয়োগ পেয়েছেন উদ্যোক্তা ও ভেঞ্চার ক্যাপিটাল বিশেষজ্ঞ ওয়াইজ রহিম।
দেশের ৩৯টি ব্যাংকের পৃষ্ঠপোষকতায় প্রতিষ্ঠিত বিএসআইসিকে দেশের অন্যতম শীর্ষ প্রাতিষ্ঠানিক ভেঞ্চার ক্যাপিটাল প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে তার নিয়োগকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছে প্রতিষ্ঠানটি।
বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় গঠিত বিএসআইসির প্রধান লক্ষ্য হলো দেশের সম্ভাবনাময় ও দ্রুত প্রবৃদ্ধিশীল স্টার্টআপগুলোর জন্য দেশীয় প্রাতিষ্ঠানিক মূলধনের ব্যবস্থা করা। পাশাপাশি ভেঞ্চার ক্যাপিটাল বাজারের বিকাশ এবং উদ্ভাবনী উদ্যোক্তা পরিবেশকে শক্তিশালী করাও প্রতিষ্ঠানটির অন্যতম উদ্দেশ্য।
ইতোমধ্যে বিএসআইসি তাদের প্রথম বিনিয়োগ তহবিল ‘অঙ্কুর’ চালু করেছে। প্রায় ৩৫ মিলিয়ন মার্কিন ডলার বা ৪২৫ কোটি টাকার এ তহবিলের মাধ্যমে দেশি-বিদেশি বিনিয়োগকারীদের অংশীদারত্বে বাংলাদেশের সম্ভাবনাময় স্টার্টআপে বিনিয়োগ করা হবে।
আগামী পাঁচ বছরে ‘অঙ্কুর’ তহবিলের আকার ১ হাজার কোটি টাকা ছাড়িয়ে যাওয়ার প্রত্যাশা রয়েছে। বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, দেশে কার্যরত ব্যাংকগুলোকে প্রতিবছর তাদের বার্ষিক মুনাফার ১ শতাংশ স্টার্টআপ ইকুইটি ফান্ডে বিনিয়োগ করতে হবে। এর ফলে স্টার্টআপ খাতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ আরও বাড়বে বলে আশা করা হচ্ছে।
বিএসআইসিতে যোগ দেওয়ার আগে ওয়াইজ রহিম লন্ডনভিত্তিক ভেঞ্চার ক্যাপিটাল ও প্রাইভেট ইকুইটি প্রতিষ্ঠান স্টারজন ক্যাপিটালে বাংলাদেশ অংশের ভেঞ্চার পার্টনার হিসেবে দায়িত্ব পালন করেন। প্রতিষ্ঠানটি মধ্য এশিয়া, পাকিস্তান ও বাংলাদেশে প্রায় ৩০০ মিলিয়ন মার্কিন ডলারের সম্পদ ব্যবস্থাপনা করে।
স্টারজন ক্যাপিটালে কাজ করার সময় বিনিয়োগের সম্ভাবনা চিহ্নিত করা, বিনিয়োগযোগ্যতা যাচাই, ডিউ ডিলিজেন্স এবং পোর্টফোলিও প্রতিষ্ঠানগুলোর উন্নয়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ কার্যক্রমে যুক্ত ছিলেন ওয়াইজ রহিম।
এর আগে ২০১৭ সালে তিনি ‘ডেলিগ্রাম’ নামে একটি ওমনিচ্যানেল ই-কমার্স প্ল্যাটফর্ম প্রতিষ্ঠা করেন। স্থানীয় মুদি দোকানগুলোকে ই-কমার্স ফুলফিলমেন্ট নেটওয়ার্কে রূপান্তরের লক্ষ্য নিয়ে প্রতিষ্ঠিত এই উদ্যোগের জন্য সিঙ্গাপুর ও নিউইয়র্কভিত্তিক প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছ থেকে ২.৫ মিলিয়ন মার্কিন ডলারের বেশি অর্থায়ন সংগ্রহ করেন তিনি।
উদ্যোক্তা হিসেবে এই অভিজ্ঞতার মাধ্যমে বাংলাদেশে বিদেশি ভেঞ্চার ক্যাপিটাল বিনিয়োগ আনার সম্ভাবনা, সুযোগ ও বাস্তব চ্যালেঞ্জ সম্পর্কে সরাসরি অভিজ্ঞতা অর্জন করেন ওয়াইজ রহিম।
ওয়াইজ রহিমের নিয়োগ প্রসঙ্গে বিএসআইসির চেয়ারম্যান এবং অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশের চেয়ারম্যান মাসরুর আরেফিন বলেন, ‘আমাদের প্রথম প্রধান নির্বাহী কর্মকর্তার নিয়োগ কোম্পানির জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। ওয়াইজ রহিমের মধ্যে ভেঞ্চার বিনিয়োগ অভিজ্ঞতা, উদ্যোক্তাসুলভ দৃষ্টিভঙ্গি এবং প্রতিষ্ঠান গড়ে তোলার সক্ষমতার এক বিরল সমন্বয় রয়েছে।’
তিনি আরও বলেন, বিএসআইসির ভবিষ্যৎ বিকাশ এবং দেশের স্টার্টআপ খাতে দীর্ঘমেয়াদি প্রাতিষ্ঠানিক বিনিয়োগের পরিবেশ তৈরিতে ওয়াইজ রহিমের অভিজ্ঞতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশাবাদী।
ওয়াইজ রহিম ইউনিভার্সিটি অব সাদার্ন ক্যালিফোর্নিয়া থেকে ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড সিস্টেমস ইঞ্জিনিয়ারিং বিষয়ে উচ্চশিক্ষা সম্পন্ন করেছেন।
দেশীয় ব্যাংকগুলোর প্রাতিষ্ঠানিক মূলধন কাজে লাগিয়ে সম্ভাবনাময় স্টার্টআপে বিনিয়োগ এবং দেশের উদ্ভাবনী অর্থনীতিকে এগিয়ে নিতে বিএসআইসি যে উদ্যোগ নিয়েছে, ওয়াইজ রহিমের নেতৃত্বে তা আরও গতিশীল হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।