নিজস্ব প্রতিবেদক
শিক্ষাব্যবস্থার বৈষম্য দূর ও শিক্ষার মান উন্নয়নে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে অন্তর্বর্তী সময়ে আধা-সরকারি এবং পর্যায়ক্রমে জাতীয়করণের দাবি জানিয়েছে বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি (বাকশিস) ও বাংলাদেশ অধ্যক্ষ পরিষদ (বিপিসি)। একই সঙ্গে শিক্ষক নিয়োগে স্থানীয় প্রভাব বন্ধ করতে গভর্নিং বডি বা ম্যানেজিং কমিটি ব্যবস্থা বিলুপ্ত করে পৃথক ‘শিক্ষা সার্ভিস কমিশন’ গঠনের দাবি জানিয়েছেন শিক্ষক নেতারা।
বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে রোববার (৪ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি তুলে ধরা হয়। এতে শিক্ষক নেতা অধ্যক্ষ মোহাম্মদ মাজহারুল হান্নানসহ বিভিন্ন শিক্ষক নেতা বক্তব্য দেন।
লিখিত বক্তব্যে অধ্যক্ষ মোহাম্মদ মাজহারুল হান্নান বলেন, দেশের শিক্ষাব্যবস্থার ৯৫ শতাংশ বেসরকারি শিক্ষকরা পরিচালনা করলেও সরকারি ও বেসরকারি শিক্ষকদের মধ্যে বড় ধরনের বৈষম্য রয়েছে। সরকারি ভাষ্য অনুযায়ী, শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণে বিপুল অর্থ ও সময় প্রয়োজন। তাই জাতীয়করণের আগ পর্যন্ত বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে আধা-সরকারি করার দাবি জানান তিনি। এতে বিভিন্ন কমিটির প্রভাব কমবে বলেও মন্তব্য করেন তিনি। এ ক্ষেত্রে ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ ও রাজউক মডেল কলেজের উদাহরণ তুলে ধরেন।
তিনি বলেন, বেসরকারি শিক্ষকরা বর্তমানে শতভাগ মূল বেতন পেলেও বাড়িভাড়া, চিকিৎসা ও উৎসব ভাতায় সরকারি শিক্ষকদের তুলনায় বৈষম্যের শিকার। একই সঙ্গে সরকারি শিক্ষকদের মতো বেসরকারি শিক্ষকদের জন্য পূর্ণাঙ্গ অবসরকালীন আর্থিক সুবিধা ও পেনশন চালুর দাবিও জানান তিনি।
শিক্ষক নিয়োগে স্বচ্ছতা নিশ্চিত করতে স্থানীয়ভাবে নিয়োগের ব্যবস্থা পুরোপুরি বন্ধ করে স্বতন্ত্র ‘শিক্ষা সার্ভিস কমিশন’ গঠনের দাবি জানান শিক্ষক নেতারা। তাদের মতে, শিক্ষাপ্রতিষ্ঠানে দলাদলি ও রাজনৈতিক প্রভাব বিস্তারের সুযোগ কমাতে বর্তমান গভর্নিং বডি বা ম্যানেজিং কমিটি প্রথা বাতিল করা প্রয়োজন। এর পরিবর্তে সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের মতো নিয়মনীতি অনুসরণ করে প্রতিষ্ঠান পরিচালনার দাবি জানান তারা।
সংবাদ সম্মেলনে রাজনৈতিক উদ্দেশ্যে যত্রতত্র শিক্ষাপ্রতিষ্ঠান স্থাপনের অনুমোদন না দেওয়ারও দাবি জানানো হয়। জরিপের মাধ্যমে প্রকৃত চাহিদা নির্ধারণ করে ‘নিড বেসড’ পদ্ধতিতে নতুন শিক্ষাপ্রতিষ্ঠান স্থাপনের অনুমতি দেওয়ার আহ্বান জানান শিক্ষক নেতারা।
এ ছাড়া বেসরকারি কলেজে সরকারি কলেজের আদলে জনবল কাঠামো চালু, অনার্স ও মাস্টার্স কোর্সে পাঠদানকারী শিক্ষকদের যাচাই-বাছাইয়ের মাধ্যমে এমপিওভুক্ত করা এবং শিক্ষা অধিদপ্তর ও শিক্ষা বোর্ডসহ শিক্ষা প্রশাসনের বিভিন্ন পর্যায়ে বেসরকারি শিক্ষকদের আনুপাতিক হারে প্রেষণে বা সরাসরি নিয়োগের দাবি জানানো হয়।
শিক্ষকদের মর্যাদা ও অধিকার নিশ্চিত করতে ইউনেস্কো-আইএলওর ১৯৬৬ সালের সনদ বাস্তবায়নের দাবিও তুলে ধরেন তারা।
সংবাদ সম্মেলনে বাকশিস সভাপতি অধ্যক্ষ মো. ইসহাক হোসেন, বিপিসি সভাপতি অধ্যক্ষ মোহাম্মদ মাজহারুল হান্নান এবং বাকশিসের ভারপ্রাপ্ত মহাসচিব ইলিম মোহাম্মদ নাজমুল হোসেন লিখিত বক্তব্য পড়ে শোনান। এ সময় অধ্যক্ষ মুজিবুর রহমান হাওলাদার, অধ্যক্ষ সাহিদুন নাহার, অধ্যক্ষ রেজাউল হক, অধ্যাপক সৈয়দ মুহাম্মদ ইউসুফ সুমনসহ অন্যরা উপস্থিত ছিলেন।