নিজস্ব প্রতিবেদক
ইতালিতে অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলার অভিযোগে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ফেসবুকে দেওয়া এক পোস্টে হামলায় জড়িতদের কঠোর সমালোচনা করে সারজিস আলম বাঁধনের উদ্দেশে লেখেন, ‘আজমেরী হক বাঁধন, আমরা আপনাকে নিয়ে গর্বিত। আপনি এই দেশের জন্য লড়াই করেছেন, দেশের মানুষকে স্বৈরাচার থেকে মুক্ত করার জন্য লড়াই করেছেন।’
তিনি আরও লেখেন, যারা বাঁধনের ওপর হামলা করেছে, তাদেরও তিনি ‘বাঙালি ভাই’ হিসেবে সম্বোধন করেছেন। তবে সারজিসের দাবি, তারা বাঙালি ভাইয়ের চেয়ে ‘খুনিদের দালাল’ এবং বিবেকবোধ বিসর্জন দেওয়া মানুষ বেশি।
হামলাকারীদের ইঙ্গিত করে সারজিস আরও লেখেন, ‘এদের শুধু মানুষের মতো একটা দেহ আছে, মনুষ্যত্ব পচে গিয়েছে। এদের থেকে আপনি এর চেয়ে বেশি কিছু আশা করবেন না।’
বাঁধনকে সান্ত্বনা দিয়ে তিনি বলেন, ‘এসবের জন্য বিন্দুমাত্র কষ্ট পাবেন না। নরপশুদের থেকে এর চেয়ে ভালো আর কী প্রত্যাশা করা যায়? আমরা সবাই আপনার সঙ্গে আছি। পুরো বাংলাদেশ আপনার সঙ্গে।’
এর আগে, ইতালির মেস্ট্রেতে একটি পার্কে ভাইয়ের পরিবারের সঙ্গে ঘুরতে গেলে অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলার অভিযোগ ওঠে।
সোমবার (৭ সেপ্টেম্বর) দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক ভিডিওবার্তায় বাঁধন এ অভিযোগ করেন। তিনি জানান, তাকে হেনস্তা ও শারীরিকভাবে আঘাত করা হয়েছে। পরে ফেসবুক অ্যাকাউন্টে কয়েকটি ভিডিও ক্লিপও প্রকাশ করেন তিনি। ভিডিওতে কয়েকজন ব্যক্তিকে তার ওপর হামলা চালাতে দেখা যায় বলে দাবি করেন বাঁধন।
বাঁধনের অভিযোগ, ঘটনার সময় তার মোবাইল ফোনও ছুড়ে ফেলা হয়। তার ভাইয়ের শিশুসন্তানও তখন সঙ্গে ছিল বলে জানান তিনি।
ভিডিওবার্তায় বাঁধন বলেন, ‘আমার গায়ে হাত তোলা হয়েছে। আমার ভাইয়ের স্ত্রীকেও ধাক্কা দেওয়া হয়েছে। একজন আজমেরী হক বাঁধনকে দমানো এত সহজ হবে না। আপনারা আজ সারা বিশ্বের মানুষকে দেখালেন, বাংলাদেশের প্রতিনিধিত্বকারী একজন অভিনেত্রীকে হেনস্তা করা হলো।’
উল্লেখ্য, ইতালির ভেনিসে রুবাইয়াত হোসেন পরিচালিত দ্য ডিফিকাল্ট ব্রাইড সিনেমা নিয়ে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে পরিবারের সঙ্গে মেস্ট্রেতে অবস্থান করছেন বাঁধন।
সিনেমাটির প্রধান চার নারী চরিত্রে অভিনয় করেছেন জাইনীন করিম, রিকিতা নন্দিনী শিমু, সুনেরাহ বিনতে কামাল ও আজমেরী হক বাঁধন।